ট্রেন ছাড়ছে প্রায় ঠিক সময়ে, সিল্কসিটির বিলম্ব
ঈদে ঘরমুখী মানুষকে ভোগান্তি দিয়ে আজ বৃহস্পতিবার নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট পর ঢাকার কমলাপুর রেলস্টেশন ছেড়েছে ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস। তবে অধিকাংশ ট্রেনই মোটামুটি নির্ধারিত সময়েই স্টেশন ছেড়ে গেছে।
আসন্ন ঈদের আগে সরকারি কর্মজীবীদের শেষ কর্মদিবস ছিল আজ। তাই রাজধানী ছাড়তে বাস টার্মিনালগুলোর মতো কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ট্রেন এলেই তাঁরা হুড়মুড়িয়ে উঠে পড়ছেন। লোকাল ট্রেনগুলোতে ভিড় ছিল তুলনামূলক বেশি।
রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস বেলা দুইটা ৪০ মিনিটে ট্রেনটি কমলাপুর ছাড়ার কথা ছিল। কিন্তু সেটি রাজশাহী ছেড়ে ঢাকায় এসে পৌঁছে বেলা ৩টা ১৫ মিনিটে। যাত্রী উঠিয়ে ও ইঞ্জিন সংযোজন করে সেটি রাজশাহীর দিকে রওনা দেয় বিকেল ৪টা ২০ মিনিটে।
ট্রেনটি ছাড়তে বিলম্ব করায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। সিল্কসিটির জন্য অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবী হাসান আলী জানান, ২টা ৪০ মিনিটে ট্রেন ধরার জন্য তিনি একটু আগেই অফিস থেকে বেরিয়েছিলেন। যাবেন টাঙ্গাইলে বঙ্গবন্ধু স্টেশনে। সড়কপথে যানজটের কারণে তিনি ট্রেনের টিকিট কেটেছিলেন। ট্রেন যথাসময়ে না ছাড়ায় তিনি আক্ষেপ করে বলেন, সিল্কসিটির টিকিট কেটেও দেড় ঘণ্টার বেশি ভোগান্তি পোহাতে হলো। তাঁর মতো আরও অগণিত যাত্রীকে ভোগান্তিতে পড়ে এমন অপেক্ষায় থাকতে দেখা যায়।
বিলম্বের কারণ সম্পর্কে সিল্কসিটি এক্সপ্রেসের চালক মো. ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, রাজশাহী থেকে ৫৫ মিনিট বিলম্ব করে তারা ট্রেনটি ছেড়েছেন। সেখানে বগি সংযোজনের জন্য কিছুটা দেরি হয়েছে। এ ছাড়া ঈদের কারণে যাত্রীর চাপ বেশি হওয়ায় এবং বিভিন্ন ক্রসিংয়ের কারণে ঢাকা পৌঁছাতে বিলম্ব হয়েছে। আর সিগন্যাল পেতে দেরি হওয়ায় কমলাপুর থেকে ছাড়তে বিলম্ব হয় বলে জানান তিনি।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, এবার সব ট্রেনই যথাসময়ে ছেড়ে যাচ্ছে। তবে সিল্কসিটির বিষয়ে তিনি কিছু জানেন না।