ট্রেন ছাড়তে দেরি হওয়ায় গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশনে গত সোমবার রাতে নোয়াখালী এক্সপ্রেসের যাত্রীরা স্টেশনের দরজা-জানালা, চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। এ সময় স্টেশনমাস্টারকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা হয়েছে।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের মাস্টার মোস্তফা মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি সোমবার রাত ১০টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনে আসে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ও সিলেটগামী উপকূল এক্সপ্রেস ট্রেন দুটি আড়িখোলা রেলস্টেশনে অপেক্ষারত নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটিকে অতিক্রম করে। এতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। এ সময় নোয়াখালী এক্সপ্রেসের যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ যাত্রীরা চড়াও হয় স্টেশনমাস্টার দিলীপ চন্দ্র দাসের ওপর। তিনি বিক্ষুব্ধ যাত্রীদের শান্ত করার চেষ্টা করলে তাঁরা আরও বেশি ক্ষুব্ধ হন এবং স্টেশনের দরজা-জানালা, চেয়ার-টেবিল ভাঙচুর করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ যাত্রীরা দিলীপ চন্দ্রকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা করেছেন।
নোয়াখালী এক্সপ্রেসের কয়েকজন যাত্রী বলেন, ট্রেন ছাড়তে এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পর স্টেশনমাস্টারকে তাঁরা ট্রেনটি ছাড়তে অনুরোধ করেন। কিন্তু স্টেশনমাস্টার তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। এতে তাঁরা ক্ষুব্ধ হন। যাত্রীরা ক্ষুব্ধ হলে স্টেশনমাস্টার স্থানীয় থানায় ফোন না করে আড়িখোলা রেলস্টেশনের আশপাশের সন্ত্রাসীদের ফোন করেন। আর স্থানীয়রা এসেই যাত্রীদের মারধর শুরু করেন। এতে যাত্রীরা আরও বেশি উত্তেজিত হন ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে স্টেশনের ক্ষতি হয়।
দিলীপ চন্দ্র দাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘থানার ফোন নম্বর আমার কাছে ছিল না। আমি আমার কন্ট্রোল রুমকে জানিয়েছি। ঘটনাস্থলে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমানও এসেছেন।’ তিনি আরও বলেন, ‘আমি যা কিছু করেছি, কন্ট্রোল রুমের আদেশেই করেছি।’
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক বলেন, তিনি সকালে আড়িখোলা রেলস্টেশন পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সরকারি সম্পদ ক্ষতি ও স্টেশনমাস্টারের দায়িত্বে বাধা দেওয়ায় রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।