ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের রেলক্রসিংয়ে গতকাল শনিবার সকাল আটটার দিকে ট্রাক-ট্রেনের সংঘর্ষে দুজন শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুগ্নিপাশা গ্রামের একটি ইটভাটার সাতজন শ্রমিক ট্রাক নিয়ে মাটি আনতে যাচ্ছিলেন। ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা-বেনাপোলগামী কমিউটার ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে সুশান্ত (৪০) নামের একজন এবং হাসপাতালে নেওয়ার পথে জামাল (৩৪) নামের একজন শ্রমিক মারা যান। এ ছাড়া আহত হন ট্রাকচালকসহ ছয়জন। নিহত ব্যক্তিদের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার পচামাগুরা গ্রামে। আহত ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে নিয়োগ না থাকায় লোকবলের অভাবে আমরা সব জায়গায় গেটকিপার দিতে পারছি না। এ কারণে এ দুর্ঘটনা ঘটছে।’