ট্রেন থামিয়ে সিগারেট ক্রয় চালকের!
ইঞ্জিনের ত্রুটি নেই, নেই জরুরি কোনো সমস্যা। তবু থেমে যায় ট্রেন। ট্রেন থেকে নেমে এক ব্যক্তি দোকান থেকে সিগারেট কিনলেন। তিনি উঠে পড়লে আবার চালু হলো ট্রেন।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেটে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। মালঞ্চি রেলগেটের গেটম্যানের দায়িত্বে থাকা মকব্বর হোসেন বলেন, গেটম্যান মেহেদী অসুস্থ থাকায় তিনি দায়িত্ব পালন করছিলেন। সকাল সোয়া ১০টার দিকে নাটোরের দিক থেকে আসা তেলবাহী একটি ট্রেন দেখে তিনি রেলগেট বন্ধ করে দেন। কিন্তু ট্রেনটি গেটের সামনে এসে হঠাৎ থেমে যায়। সে সময় ওই ট্রেনের ইঞ্জিন থেকে একজন নেমে এসে রেলগেটের পাশের সিগারেটের দোকান থেকে সিগারেট কিনে আবার উঠে যান। প্রায় তিন মিনিট ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এ সময় গেটের দুই পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়।
রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ঘটনাটি তদন্ত করা হবে। অভিযোগ সত্য হলে চালককে রেলওয়ে আইনের আওতায় নেওয়া হবে।