ট্রেন থেকে কিশোরের লাফ
পুলিশের হেফাজতে থাকা ফারুক হোসেন নামের এক কিশোর চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফারুককে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ফারুকের বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। এ ছাড়া তলপেটে আঘাত পেয়েছে। শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল দুপুরে যশোর ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুরের কাহারোল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ‘সন্দেহজনক ঘোরাফেরা’ করায় ৯ মে গভীর রাতে কাহারোল থানার টহল পুলিশ ভেন্ডাবাড়িয়া বাজার থেকে ফারুককে আটক করে। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে বলে, তার বাড়ি বিরল উপজেলার লক্ষ্মীরহাট গ্রামে।
তবে লক্ষ্মীরহাট গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তাপস দেবনাথ জানান, তাঁদের গ্রামে এই নামের কেউ নেই।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আলী জানান, ফারুককে আটকের পর ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়। তার পক্ষে জামিন না চাওয়ায় আদালত কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। গত বৃহস্পতিবার রাতে তাকে দিনাজপুর কারাগার থেকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে নেওয়া হচ্ছিল। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ফারুকের ঠিকানা এখনো তাঁরা নিশ্চিত হতে পারেননি। তার স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে তিনটার দিকে ফারুক ট্রেনের ভেতরে শৌচাগারে যায়। এরপর জানালা দিয়ে লাফিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সে রেললাইনের কাছে পড়েছিল। পরে কালীগঞ্জ থানা-পুলিশ তাকে আটক করে। লাফিয়ে পড়ার এ ঘটনায় রেলওয়ে পুলিশ (জিআরপি) মামলা করেছে।
দিনাজপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক জাবেদ মেহেদী জানান, আদালতের নির্দেশে ফারুককে যশোর পাঠানো হচ্ছিল। চলন্ত ট্রেন থেকে কীভাবে সে লাফ দিল, তা পুলিশ বলতে পারবে।