ট্রেন থেকে প্রতি মাসে ২৫০ ব্যারেল তেলচুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে ট্রেন থেকে প্রতি মাসে ২৫০ ব্যারেল তেল চুরির ঘটনা ঘটছে। রেলওয়ের কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারীর মদদে একটি চক্র তেল চুরি করছে বলে অভিযোগ উঠেছে।

ওই চক্রের কাছ থেকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়মিত মাসোয়ারা নেন বলে অভিযোগ রয়েছে। গত ২৮ এপ্রিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) নরসিংদী ক্যাম্পের একটি দল শ্রীনিধি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার লিটার তেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

এলাকাবাসী ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্টেশনমাস্টারের ইশারায় কোনো কারণ ছাড়াই স্টেশনে ট্রেন থামানো হয়। ট্রেন থামার পর চোর চক্র প্রকাশ্যেই পাইপ দিয়ে ইঞ্জিন থেকে ডিজেল সরিয়ে নেয়। এভাবে প্রতিদিন প্রায় ৮-১০ ব্যারেল তেল চুরি হয়। প্রতি মাসে গড়ে প্রায় ২৫০ ব্যারেল ডিজেল চুরি যায়। পরে এই ডিজেল ভৈরব ও রায়পুরার বিভিন্ন ফিলিং স্টেশন ও হাটবাজারে বিক্রি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচটি মালবাহী ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেন থেকে দুই ব্যারেল তেল নামানো হয়। দৈনিক গড়ে চারটি ট্রেন থেকে চুরি হয় আট ব্যারেল তেল। প্রতি ব্যারেল ডিজেলের দাম ১৬ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন স্থানীয় বিক্রেতা জীবন কুমার সাহা। সেই হিসাবে প্রতি মাসে প্রায় ৪০ লাখ টাকার তেল চুরি করছে চক্রটি।

গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি ও নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, তেল চুরির ঘটনায় শুধু স্থানীয় ব্যক্তিরাই নন, ট্রেনচালক, স্টেশনমাস্টার, রেলওয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিসহ কয়েকজন গণমাধ্যমকর্মীও জড়িত। প্রতি মাসে চোর চক্রের কাছ থেকে তাঁরা প্রায় দুই লাখ টাকা মাসোয়ারা পান।

চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, আবদুল আউয়াল, মোসলেম মিয়া ও জিন্নত আলী ভূঁইয়ার নেতৃত্বে চোর চক্রটি সক্রিয় রয়েছে। ৪২ বছর ধরে তারা ট্রেন থেকে তেল চুরি করে যাচ্ছে।

স্টেশনমাস্টার আতাউর রহমান বলেন, ‘তিন মাস ধরে এ স্টেশনে আছি। তেল চুরির বিষয়ে কিছুই জানি না। আর আমি যোগদানের পর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে আর কিছু বলতে চাই না।’

মাসোয়ারা পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নরসিংদীর সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। এদিকে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ‘অভিযোগর ভিত্তিতে একবার তেল চুরি বন্ধ করেছিলাম। পরে চক্রটি আবার সক্রিয় হয়ে ওঠে।’ সম্প্রতি র‌্যাবের অভিযানের পর চুরি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মতিন বলেন, তেল চুরি বন্ধে স্থানীয় ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে আইনশৃঙ্খলা বৈঠকেও বেশ কয়েকবার আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে র‌্যাব অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে।