ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ীমোহনপুর রেলস্টেশনের পাশ থেকে গতকাল মঙ্গলবার ভোরে এক কিশোরের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। সে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রামের গ্রামের আবদুল মান্নানের ছেলে মেহেদী হাসান (১৭)।
নিহত ছেলেটির বাবা আবদুল মান্নান বলেন, তিন দিন আগে তাঁর ছেলে ফুফা ও ফুফাতো ভাইয়ের সঙ্গে ঢাকার গাজীপুরে বেড়াতে যায়। গত সোমবার রাতে তাঁরা বাড়িতে আসার উদ্দেশে নীলসাগর ট্রেনে ওঠে। ট্রেনের একই কক্ষের (বগি) পাশাপাশি আসনে ভ্রমণ করছিল তাঁরা। গতকাল মঙ্গলবার ভোরে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছালে তারা নামার প্রস্তুতি নেন। তবে এ সময় মেহেদীকে ট্রেনে না পেয়ে ফুফার সন্দেহ হয়। আসনের নিচে মেহেদীর জুতা পড়ে থাকতে দেখেন তিনি। মুঠোফোনে মেহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে অজ্ঞাত এক ব্যক্তি ফোনটি ধরেন। তিনি জানান, মুঠোফোনের মালিক মৃত অবস্থায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহেড়ীমোহনপুর এলাকায় রেললাইনের পাশে পড়ে রয়েছে। তাঁদের দ্রুত সেখানে যেতে বলেন ওই ব্যক্তি। পরে দুপুরে নিহত স্কুলছাত্রের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মেহেদীর লাশ শনাক্ত করেন।
ফুফা আজিজার রহমান বলেন, তাঁরা ট্রেনে ঘুমিয়ে পড়েছিলেন। ভেবেছিলেন মেহেদী হয়তো ট্রেনের অন্য কক্ষে ঘুরতে গেছে। তবে জুতা দেখতে পেয়ে তাঁর সন্দেহ হয়। তবে কীভাবে ছেলেটি মারা গেল, তিনি বুঝতে পারছেন না।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল মুঠোফোনে বলেন, ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। লাশটি দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া যায়। পরে নিহত কিশোরের পরিচয় নিশ্চিত হওয়ার পর লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ট্রেন থেকে যেভাবেই হোক পড়ে ছেলেটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় মামলা দায়ের হয়েছে।