ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত দুই শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দুই শিক্ষার্থী। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের পটিয়ার রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। অসতর্কতার কারণে ঘটা এই দুর্ঘটনায় একজনের বাঁ হাত অন্যজনের ডান হাত থেঁতলে গেছে। চিকিৎসকেরা জখম হওয়া হাত কেটে ফেলার পরামর্শ দিয়েছেন।
আহত দুই শিক্ষার্থী হলেন পটিয়া পৌর এলাকার গৌবিন্দারখীল ধর পাড়া গ্রামের গৌতম ধর ও পার্থ ধর। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, গৌতম ধরের ডান হাতের কবজি পর্যন্ত এবং পার্থ ধরের বাঁ হাতের পুরোটাই ট্রেনের চাকার নিচে পড়ে থেঁতলে গেছে। এ কারণে দুজনের একটি করে হাত কেটে ফেলতে হতে পারে।
গৌতম ধর চট্টগ্রাম সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ও পার্থ ধর পটিয়ার এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-দোহাজারী ট্রেনলাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগানে ওঠেন। ট্রেনটি ধীরে চলছিল। পটিয়া রেলস্টেশনে পৌঁছার পর দুজনই ওয়াগন থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।
পার্থ ধরের চাচা টিটন ধর বলেন, পার্থকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানান, তার বাঁ হাত কেটে ফেলতে হবে।
অন্যদিকে গৌতম ধরের চাচাতো ভাই প্রদীপ ধর বলেন, গৌতমকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাঁর ডান হাত কেটে ফেলা হবে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।