ট্রেন থেমে থাকায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শমশেরনগর রেলস্টেশনে তেলের ট্যাংকারবাহী ট্রেন দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে থাকায় শমশেরনগর–মৌ​লভীবাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় l ছবি: প্রথম আলো
শমশেরনগর রেলস্টেশনে তেলের ট্যাংকারবাহী ট্রেন দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে থাকায় শমশেরনগর–মৌ​লভীবাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় l ছবি: প্রথম আলো

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশনে গতকাল রোববার সকাল আটটা থেকে পাঁচ ঘণ্টা তেলের ট্যাংকারবাহী ট্রেন দাঁড়িয়ে থাকে। এতে শমশেরনগর-মৌলভীবাজার সড়ক বন্ধ হয়ে যায়। রেলপথের দুই ধারে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামগামী তেলের ট্যাংকারবাহী ট্রেন গতকাল সকাল আটটায় শমশেরনগর স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়ায়। ২২টি বগিযুক্ত ট্রেনটি পুরো স্টেশন এলাকা ছাড়িয়ে শমশেরনগর থেকে জেলা সদর মৌলভীবাজারে যাতায়াতের প্রধান সড়ক পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। এতে বেলা একটা পর্যন্ত শমশেরনগর-মৌলভীবাজার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এ সময় কিছু ছোট যানকে বিভিন্ন গ্রামের রাস্তা ঘুরে চলাচল করতে দেখা যায়। তবে বাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের তেলের ট্যাংকার বগির মাঝখানের ফাঁকা দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা যায়।
শমশেরনগরের বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল হান্নান বলেন, ‘একটি স্টেশনে প্রধান সড়ক অবরুদ্ধ করে দীর্ঘ পাঁচ ঘণ্টা ট্রেন কীভাবে দাঁড়িয়ে থাকে, তা বুঝতে পারছি না।’
শমশেরনগর স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ বলেন, ট্রেনটি বেশ কিছু বগি নিয়ে চলাচল করছে। এ ট্রেনটি পাশের ভানুগাছ বা শ্রীমঙ্গল স্টেশনেও রাখার মতো স্থান নেই। রমিধপুর স্টেশনে নিয়ে রাখতে হয়। তা ছাড়া শ্রীমঙ্গল স্টেশনেরও লাইনগুলো মুক্ত (খালি) নয়। সেখানেও ট্রেন দাঁড়ানো ছিল। তিনি আরও বলেন, শমশেরনগরে পাঁচ ঘণ্টা ট্রেন দাঁড়ানোর কারণে সৃষ্ট জনদুর্ভোগের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।