ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন আইনমন্ত্রী
অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অনুমোদনহীন একটি রেলক্রসিং পার হতে গিয়ে এই দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।
দলীয় নেতা-কর্মী, এলজিইডি ও রেলওয়ে সূত্র জানায়, আনিসুল হক উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামপুর উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে তাঁর গাড়ি ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কসবা উপজেলার মজলিশপুর এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা সিপাহি শহীদুল হক সড়কে রেলক্রসিংয়ে পৌঁছায়। তাঁর নিরাপত্তায় নিয়োজিত পুলিশবাহী গাড়িটি ক্রসিং পার হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই মন্ত্রীকে বহনকারী গাড়িটি রেললাইনে উঠে পড়ে। এরই মধ্যে ট্রেনটি চলে আসায় মুহূর্তেই রেললাইন থেকে গাড়িটি পেছনে আনেন চালক। সঙ্গে সঙ্গেই ট্রেন চলে যায়। রেলক্রসিংয়ের কাছেই বাঁক থাকায় ট্রেনটি দেখা যায়নি বলে চালক জানান।
সূত্র জানায়, রেললাইনের ওপর দিয়ে রাস্তা নিয়ে যেতে গেলে রেল বিভাগের অনুমতি প্রয়োজন হয়। রেল বিভাগের কাছ থেকে এই অনুমোদন নেয় এলজিইডি। কিন্তু কসবা উপজেলায় ১২টি রেলক্রসিংয়ের ১০টিই অনুমোদনহীন। এই ক্রসিংটিরও অনুমোদন নেই।