ট্রেন দুর্ঘটনায় জয়পুরহাট বন্ধুসভা সদস্যের মৃত্যু
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম রেলস্টেশনের কাছে বৃহস্পতিবার সকালে ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন প্রথম আলোর জয়পুরহাট বন্ধুসভার সদস্য সামসুদদৌলা আজাদী। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ছোট ভাই রকি।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজাদী (২২) ও রকি (১৮) বৃহস্পতিবার সকালে জয়পুরহাট স্টেশনে বরেন্দ্র ট্রেনে উঠতে না পারায় একটি মালবাহী ট্রেনে উঠে পড়েন। মালবাহী ট্রেনটি ছাতিয়ান গ্রাম রেলস্টেশনের কাছ পৌঁছলে গতি কমে গেছে মনে করে প্রথমে রকি ও পরে আজাদী ট্রেন থেকে লাফ দেন। এতে আজাদীর এক পা ও এক হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হন রকি। সংকটাপন্ন অবস্থায় আজাদীকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।আজাদী জয়পুরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবা আবদুল জব্বার জয়পুরহাট জেলা জজ কোর্টের কর্মচারী। তাঁর গ্রামের বাড়ি আক্কেলপুর উপজেলার নয়াপুর গ্রামে।