ট্রেন না থামানোয় চালককে পেটাল চোরাচালানিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে চোরাচালানিদের কথামতো ট্রেন দাঁড় করাতে রাজি না হওয়ায় ট্রেনের চালককে (লোকো মাস্টার) পিটিয়ে জখম করা হয়েছে। আহত ওই ট্রেনচালক মোজাম্মেল হককে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার হিলি-পাঁচবিবি স্টেশনের মধ্যবর্তী বাগজানা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ট্রেনচালক, জয়পুরহাট রেলস্টেশন-সংশ্লিষ্ট ব্যক্তি এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী ৩২ উত্তরা ডাউন ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত তিনটা ১০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে আসে। গতকাল ভোরে ট্রেনটি বিরামপুর স্টেশনে এসে দাঁড়ালে চারজন চোরাচালানি ট্রেনটির চালক মোজাম্মেল হককে হিলি স্টেশনে ট্রেনটি দাঁড় করানোর জন্য চাপ দেন। ওই স্টেশনে স্টপেজ না থাকায় মোজাম্মেল সেখানে ট্রেনটি দাঁড় করাতে অস্বীকৃতি জানান। বিরামপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিলে চোরাচালানিরা হোসপাইপ খুলে ফেলে। ফলে ট্রেনটি হিলি-পাঁচবিবি স্টেশনের মধ্যবর্তী বাগজানা এলাকায় থেমে যায়।
এরপর চারজন চোরাচালানি ট্রেনচালক মোজাম্মেলকে পিটিয়ে জখম করে। পরে আহত অবস্থায় মোজাম্মেল ট্রেনটি নিয়ে জয়পুরহাট স্টেশনে সকাল আটটায় পৌঁছান। এরপর মোজাম্মেলের সহকর্মীরা তাঁকে জেলার সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান। চালকের অভাবে ট্রেনটি ওই স্টেশনে তিন ঘণ্টা পড়ে থাকে। পরে পার্বতীপুর থেকে বিকল্প চালক এসে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে নিয়ে যান।
জয়পুরহাট স্টেশনের মাস্টার নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সান্তাহার জিআরপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ট্রেনের চালকের ওপর হামলার ঘটনায় জয়পুরহাট স্টেশন থেকে নবিউল ইসলাম ও আলাল মিয়া নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।