ট্রেন না পেয়ে যাত্রীরা অসহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। ছবি: প্রথম আলো
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। ছবি: প্রথম আলো

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করেও ট্রেন পাচ্ছে না যাত্রীরা। ট্রেনের অপেক্ষায় পরিবার-পরিজন নিয়ে অনেক যাত্রী স্টেশনে অসহায়ভাবে সময় পার করছেন। একপর্যায়ে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেলওয়ের এক কর্মকর্তার ওপর চড়াও হন বলেও জানা গেছে।
আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
পদ্মা এক্সপ্রেসে রাজশাহী যাওয়ার জন্য গতকাল সন্ধ্যা ছয়টায় পরিবারসহ স্টেশনে এসেছেন নাছিমুল হক। রাত ১১টায় ট্রেন ছাড়ার কথা ছিল। কিন্তু আজ সকাল ১০টা পর্যন্ত ট্রেন ছাড়েনি।
কমলাপুর রেলওয়ে স্টেশনে কথা হয় যাত্রী মিলনের সঙ্গে। তিনি জানান, সন্তানসম্ভবা স্ত্রীকে গাইবান্ধায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাঁরা গতকাল রাত ১১টায় স্টেশনে এসেছেন। রংপুর এক্সপ্রেস ট্রেনটি রাত ১২টায় স্টেশন ছাড়ার কথা থাকলেও আজ সকাল ১০টা পর্যন্ত তা ছাড়েনি।
নাছিমুল ও মিলনের মতো অনেক যাত্রী ১২ থেকে ১৫ ঘণ্টা ধরে অসহায়ভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় আছে। স্টেশন সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটা থেকে সাড়ে নয়টার মধ্যে জামালপুর কমিউটার, পারাবত এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে গেছে। আর এই সময়ে ঢাকার বাইরে থেকে এসেছে এগারো সিন্দুর ও পারাবত এক্সপ্রেস।
দীর্ঘ অপেক্ষার পরও ট্রেন না আসায় ক্ষুব্ধ যাত্রীরা আজ সকাল নয়টার দিকে স্টেশন মাস্টারের ওপর চড়াও হন বলে জানা গেছে। একপর্যায়ে স্টেশন মাস্টার ও ম্যানেজার তাঁদের কক্ষ ছেড়ে অন্যত্র চলে যান।
যাত্রীদের টিকিট ফেরত দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে সকাল ১০টা পর্যন্ত কোনো ঘোষণা আসেনি বলে দাবি করেছেন যাত্রীরা।
রেলওয়ে পুলিশের (জিআরপি) দায়িত্বরত উপপরিদর্শক রফিকুজ্জামান জানান, যাত্রীদের টিকিট ফেরত দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চপর্যায়ে যোগাযোগ করছেন।

কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার খায়রুল বশীর জানালেন, বেশ কিছুদিন ধরে ট্রেনে নানা ধরনের নাশকতার কারণে ট্রেন চলাচলের শিডিউলে কিছুটা বিঘ্ন ঘটছে। আগের ধারাবাহিকতায়ই আজকের শিডিউল বিপর্যয় বলে দাবি করেন তিনি।