ময়মনসিংহ-জারিয়া রেলপথের ময়মনসিংহ রেলস্টেশন থেকে বিকেল চারটায় নেত্রকোনার জারিয়ার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি পুনর্বহালের দাবিতে পূর্বধলা রেলস্টেশন এলাকায় অবরোধ, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার এসব কর্মসূচি পালন করে তাঁরা।
গতকাল দুপুরে পূর্বধলা রেলস্টেশনে উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও সাধারণ যাত্রীরা এসব কর্মসূচির আয়োজন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি পূর্বধলা স্টেশনের কাছে এলে লোকজন সেটি থামিয়ে ২০ মিনিট অবরোধ করে রাখেন। পরে ট্রেনের পরিচালক আন্দোলনকারীদের বুঝিয়ে ট্রেনটি ছাড়েন।
স্থানীয় বাসিন্দা ও পূর্বধলা রেলস্টেশন সূত্রে জানা গেছে, পাঁচ বছর ধরে ময়মনসিংহ-জারিয়া পথে একটি লোকাল ট্রেন দিনে চারবার চলাচল করত। ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ভোর সাড়ে ছয়টা, বেলা ১১টা, বিকেল চারটা ও রাত ৮টা ৫০ মিনিটে জারিয়ার উদ্দেশে ছেড়ে আসত। কিন্তু দুই মাস আগে অজ্ঞাত কারণে রেল কর্তৃপক্ষ বিকেল চারটার ট্রেনটি বাতিল করে। এখন এই পথে চারবারের পরিবর্তে তিনবার ট্রেন চলছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় তাঁরা বিকেল চারটার ট্রেনটি পুনর্বহালের দাবি জানান। দ্রুত তাঁদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়। এই ট্রেনে প্রতিদিন পূর্বধলা, দুর্গাপুর, কলমাকান্দা ও ধোবাউড়া উপজেলার প্রায় ছয় হাজার মানুষ চলাচল করে।
গতকাল ট্রেনটি পুনর্বহালের দাবিতে আয়োজিত সমাবেশে পূর্বধলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আনোয়ারুল হক, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মফিজ উদ্দিন, উন্নয়নকর্মী আবদুল খালেক প্রমুখ বক্তৃতা করেন। পরে তাঁরা এ বিষয়ে বিভাগীয় রেল পরিবহন কর্মকর্তা, স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল, রেল মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করেন।
পূর্বধলা স্টেশন মাস্টার আবু তাহের প্রথম আলোকে বলেন, ইঞ্জিন-সংকটের কারণে বিকেল চারটার সময় ময়মনসিংহ থেকে ট্রেন ছাড়া সম্ভব হচ্ছে না।