ট্রেন-পুলিশ ভ্যান দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ট্রেন-পুলিশ ভ্যান দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল শুক্রবার রাতের ওই দুর্ঘটনায় পুলিশের চার সদস্য নিহত হয়েছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনসহ আহত ৬ জন এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে ফারুক হোসেন (৩৯) নামে এক কনস্টেবল আজ শনিবার সকালে হাসপাতালে মারা যান। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। এর আগে নিহত তিন কনস্টেবল হলেন, শামসুল আলম (৫৫), মাইদুল ইসলাম (২৬) ও শরিফুল ইসলাম (৩৬)।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে সৈয়দপুর থানা-পুলিশের ১০ সদস্যের একটি দল আসামি ধরতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। উত্তরা আবাসন এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি তাঁদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং রেললাইনের পাশে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল শামসুল আলম (৩৫)। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত নয়জনকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর শহরের ১০০ শয্যার সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাইদুল ইসলাম (২২) নামে আরেক কনস্টেবল মারা যান। হাসপাতালে নেওয়ার পর শরিফুল ইসলাম নামে আরও একজন মারা যান।

পাকশী রেলওয়ে বিভাগ সূত্র জানায়, উত্তরা আবাসন এলাকার ওই লেভেল ক্রসিংয়ে কোনো গেট কিংবা গেটম্যান নেই। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ সন্নিবেশিত এলাকায় পথচারীদের নিজ দায়িত্বে রেলগেট অতিক্রম করতে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে রেখেছে।

সৈয়দপুর রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ওই এলাকায় রেলগেট না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান ও সৈয়দপুর সার্কেলের এএসপি সাজেদুর রহমানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার বলেছেন, অরক্ষিত রেলগেটে গেটম্যান না থাকায় এবং লেভেল ক্রসিংয়ের আগে বাঁক থাকায় কিছু বুঝে উঠার আগেই দুর্ঘটনাটি ঘটেছে।

তদন্ত কমিটি
পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষের গঠিত এই কমিটিতে আছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) শওকত জামিল মহসী, বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক, বিভাগীয় যান্ত্রিক কর্মকর্তা (লোকো) কামরুজ্জামান ও বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (পাকশী) মুসলেম উদ্দিন। কমিটিকে রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) বরাবরে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খায়রুল আলম বলেন, দুর্ঘটনার ব্যাপারটি দুঃখজনক। ওই এলাকায় কোনো রেলগেট নেই। এ নিয়ে তদন্তকাজ শুরু হয়েছে।