ট্রেন পোড়ানো ও রেলস্টেশন ভাঙচুরসহ তিন মামলা স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর মেয়র লোকমান হত্যার পর নরসিংদী রেলস্টেশন ও সার্কিট হাউস ভাঙচুর এবং ট্রেন পোড়ানোর ঘটনায় করা মামলার কোনো অগ্রগ্রতি নেই।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা বা চাপ না থাকায় তদন্ত কর্মকর্তারা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত বা তদন্তকাজ এগিয়ে নেওয়ার জন্য খুব একটা তৎপর নন। ফলে মামলা তিনটির তদন্ত স্থবির হয়ে আছে।এর মধ্যে রেলস্টেশন ও সার্কিট হাউস ভাঙচুর মামলায় এর আগে বিএনপির নেতা খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। অবশ্য পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। এ ছাড়া ঘটনার পরদিন পুলিশ মাদকাসক্ত হিসেবে পরিচিত স্থানীয় ছয় ব্যক্তিকে ধরে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়েছিল।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, খায়রুল কবিরের ঘটনায় বিতর্ক ওঠার পর এসব মামলা নিয়ে আপাতত পুলিশ মাথা ঘামাচ্ছে না।এ ব্যাপারে জানতে চাইলে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ভৈরব রেলওয়ে থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব ৪০ কিলোমিটার। যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে প্রতিদিন এত দূরে গিয়ে তদন্তকাজ করতে তাঁদের সমস্যা হচ্ছে।ওসি দাবি করেন, ভিডিও ফুটেজ, আলোকচিত্র দেখে এবং আরও নানাভাবে আসামি শনাক্ত করার কাজ চলছে। শনাক্ত হয়ে গেলে আসামিদের ধরার কাজ শুরু হবে। আসামি শনাক্ত না হয়ে থাকলে বিএনপির নেতা খায়রুল কবিরকে কিসের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়েছিল—এ প্রশ্ন করা হলে রেলওয়ে থানার ওসি বিব্রত হন। কিছুটা সময় নিয়ে তিনি শুধু বলেন, ‘রেলস্টেশন ভাঙচুরের ঘটনায় খায়রুল কবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেই গ্রেপ্তার দেখানো হয়েছে।’ তিনি এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি।ভৈরব রেলওয়ে ও নরসিংদী সদর থানার পুলিশ জানায়, লোকমান গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর অনুসারী কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা ওই রাতেই প্রথমে সার্কিট হাউসে, এরপর রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুর করে। পরদিন তারা এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নয়টি বগি পুড়িয়ে দেয়।স্টেশন ভাঙচুর ও ট্রেন পোড়ানোর মামলা দুটি হয় ভৈরব রেলওয়ে থানায়। সার্কিট হাউস ভাঙচুরের ঘটনায় মামলা হয় নরসিংদী সদর থানায়। তিনটি মামলায় দেড় হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।গত ১ নভেম্বর নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।