ট্রেন-বাসে ওঠা যায় না, অবশেষে ট্রাকে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী যাত্রীদের যেন দুর্ভোগের শেষ নেই। বাস ও ট্রেনে জায়গা না পেয়ে যাত্রীরা ট্রাকে করে যেতে বাধ্য হচ্ছে, বিশেষ করে পরিবার নিয়ে আসা ব্যক্তিদের দুর্ভোগ বেশি। গতকাল শুক্রবার হাটিকুমরুল গোলচত্বরে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।সরেজমিনে গিয়ে হাটিকুমরুল গোলচত্বর, শহীদ এম মনসুর আলী, উল্লাপাড়া রেলস্টেশন ও সিরাজগঞ্জ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, কোচ-ট্রেনের কোনো টিকিট নেই। লোকাল বাস পেলেও তাতে মিলছে না আসন। ভাড়াও দ্বিগুণ আদায় করা হচ্ছে। টিকিট কেটেও অনেকে ট্রেনে উঠতে পারছে না।হাটিকুমরুল গোলচত্বরের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পোশাককর্মী মমতা খাতুন বলেন, ‘ভেবেছিলাম, শুক্রবারের দিন ভিড় কম হবে। এখানে এসে দেখি তার উল্টো। সকাল আটটায় এসেছি, এখন দুপুর ১২টা বাজে। কোনো বাসে উঠতে পারিনি। অধিকাংশ যাত্রী ট্রাকে করে চলে যাচ্ছে। উপায়ান্তর না দেখে ট্রাকেই চড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’আরেক যাত্রী ঈমান আলী বলেন, ‘পরিবারের সদস্যসংখ্যা আট। ঢাকা থেকে যেসব খালি লোকাল বাস এ পর্যন্ত এসে যাত্রী নিয়ে যাচ্ছে, তাতে তারা জনপ্রতি তিন শ থেকে সাড়ে তিন শ টাকা করে নিচ্ছে। তার পরও সিট নেই। ছাদে দেড় শ টাকা এবং দাঁড়িয়ে গেলে দুই শ টাকা করে নেওয়া হচ্ছে। তার পরও যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও ঢাকায় যাওয়ার কোনো ব্যবস্থাই করতে পারিনি।’বাসের চালক আমজাদ হোসেন বলেন, ‘আমরা বেশি নিচ্ছি না। ঢাকা থেকে খালি এসে যাত্রীদের নিয়ে আবার যাচ্ছি। এ ছাড়া তেলের দামও বেড়েছে। এ কারণে এই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।’ট্রাকের চালক মিজানুর রহমান বলেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবে লোকজন তুলছি না। যাত্রীরাই যাওয়ার জন্য অনুরোধ করায় আমরা তাদের নিয়ে যাচ্ছি। ভাড়া হিসেবে বাসের চেয়ে কম নেওয়া হচ্ছে।’ সকাল থেকে দুপর ১২টা পর্যন্ত ৮০টি ট্রাক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে গেছে বলে তিনি উল্লেখ করেন।ট্রেনের যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। রেলস্টেশনে সব ট্রেন দু-তিন ঘণ্টা দেরিতে আসছে। মনসুর আলী স্টেশনে উপস্থিত যাত্রী নিজাম উদ্দিন বলেন, ‘এক সপ্তাহ আগে টিকিট কেটেছিলাম পরিবার-পরিজন নিয়ে যাব বলে। সকালের সিল্কসিটি ট্রেনটিতে ভিড়ের কারণে উঠতেই পারলাম না। এখন ভাবছি, ঢাকায় যাব কেমন করে।’মনসুর আলী রেলস্টেশনের মাস্টার মোমরেজ আলী জানান, ১৭ নভেম্বর পর্যন্ত কোনো ট্রেনের টিকিট নেই। তার পরও যাত্রীরা ট্রেনে উঠতে পারছে না। বিভিন্ন স্টেশনে দেরি হওয়ায় সব ট্রেন দু-তিন ঘণ্টা বিলম্বে আসছে। দণ্ডায়মান টিকিট থাকলেও সে টিকিট বিক্রি বন্ধ রয়েছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন নবী জানান, এবারের আবহাওয়া ভালো থাকায় গত ঈদের চেয়ে বেশি লোকজন এই ঈদে গ্রামের বাড়িতে এসেছে। বিশেষ করে প্রাইভেট যানবাহন আসা সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। এ কারণে ঈদফিরতি লোকের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। গোলচত্বরে উপস্থিত মানুষের চাপে গাড়িগুলো ধীরগতিতে চলাচল করছে। কোচ ও বাসে স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে ট্রাকে করে যাত্রীরা গন্তব্যে যাচ্ছে।