ট্রেন যাত্রীদের জন্য সুখবর নেই

কোচ সংকটের কারণে এবার ঈদ উপলক্ষে ঘরমুখী ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়বেন। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন ট্রেনে এবার চাহিদা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করার সম্ভাবনা কম। চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ১৮টি আন্তনগর ট্রেনে এমনিতেই ১২টি কোচের ঘাটতি রয়েছে। ঈদ উপলক্ষে ঘাটতি থাকা কোচগুলো সংযোজন হবে কি না, এ নিয়ে খোদ রেল কর্মকর্তারাই সন্দেহ পোষণ করছেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান, ২০ জুলাই থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন বিক্রি হবে ২৪ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে ২৪ জুলাই বিক্রি হবে ২৮ জুলাইয়ের টিকিট। কিন্তু এবার ঈদের যাত্রীদের জন্য কোনো সুখবর দিতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ। পুরোনো কোচ জোড়াতালি দিয়ে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। বাড়তি কোচ সংযোজনের সম্ভাবনা কতটুকু তা গতকাল শনিবার পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারেনি। কারণ সবগুলো কোচ পুরোনো ও জীর্ণশীর্ণ। মেরামত করে জোড়াতালি দিয়ে কিছু কোচ চালানোর উপযোগী করে তোলা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে ট্রেনের কোচ আমদানি হচ্ছে না। গত বছর জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সারা দেশে সংগঠনটির নেতা–কর্মীরা নাশকতা চালায়। এতে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় ট্রেনের অনেকগুলো কোচে অগ্নিসংযোগ করা হয়। এ কারণে কেবল পূর্বাঞ্চলের বিভিন্ন আন্তনগর ট্রেনে ৩৪টি কোচের সংকট দেখা দেয়। এর মধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনের ১২টি কোচ কমে গেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, চাঁদপুর ও ময়মনসিংহের পথে নয় জোড়া আন্তনগর ও চার জোড়া মেইল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করে। সবগুলো ট্রেনের যাত্রী পরিবহন ক্ষমতা প্রায় চার হাজার। ঈদ উপলক্ষে কিছু বাড়তি কোচ লাগানো হবে। এতে যাত্রী পরিবহন ক্ষমতা আরও কিছু বাড়বে বলে আশা করছি। এ ছাড়া দাঁড়িয়ে যাওয়ার টিকিটও বিক্রি হবে ট্রেন ছাড়ার আগ মুহূর্তে।’
দায়িত্বশীল সূত্র আরও জানায়, প্রতিবছর ঈদে বিশেষ ট্রেন সার্ভিস ছাড়াও বিভিন্ন ট্রেনে বাড়তি ৪০-৪৫টি অতিরিক্ত কোচ সংযোজন হতো। জামায়াত-শিবিরের নাশকতার ধকল এ বছরও কাটিয়ে উঠতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া ২০০৭ সালের পর দেশে নতুন কোচ আমদানি হয়নি। এ কারণে ১২টি কোচ সংযোজন করে অতিরিক্ত নতুন কোচ যুক্ত করা যাবে কি না তা নিয়ে রেল কর্মকর্তাদের সংশয় রয়েছে।
এদিকে, ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে চাঁদপুরের পথে দুই জোড়া বিশেষ ট্রেন চালু হচ্ছে। বরিশাল, ভোলাসহ মেঘনার পশ্চিম পাড়ের বিভিন্ন জেলার যাত্রীরা এই ট্রেনে চাঁদপুর পর্যন্ত যায়। সেখান থেকে লঞ্চ বা অন্য বাহনে গন্তব্যে পৌঁছায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম থেকে চাঁদপুরের পথে আমরা দুটি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছি। একটি বিশেষ ট্রেনের টিকিট আগাম বিক্রি শুরু হবে। কারণ বিশেষ ট্রেনগুলোর টিকিট আগাম বিক্রি না হওয়ার কারণে বেশির ভাগ যাত্রী বিনা পয়সায় ভ্রমণ করেন। এই প্রবণতা বন্ধের জন্য আগাম টিকিট বিক্রির ব্যবস্থা করেছি।’
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল ও দীর্ঘ যানজটের কারণে ঘরমুখী মানুষের প্রথম পছন্দ ট্রেন। তবে ট্রেনের টিকিট অনেক যাত্রীর কাছেই সোনার হরিণ। নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ‘ঈদের তিন দিন আগে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ঈদ করতে যাব। কিন্তু ট্রেনের টিকিট পাব কি-না সে বিষয়ে সন্দেহ আছে। টিকেট না পেলে বাসেই যেতে হবে।’