ট্রেন রক্ষাকারী দুজনকে শীতবস্ত্র উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় আন্তনগর ট্রেন তূর্ণা নিশীথাকে রক্ষাকারী হেলাল উদ্দিন ও নুরুল ইসলামকে শীতবস্ত্র উপহার দিয়েছেন গাজীপুরের টঙ্গীর প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গতকাল সোমবার প্রথম আলো বন্ধুসভার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শহীদ মিনার চত্বরে তাঁদের দুজনকে একটি করে সোয়েটার ও একটি করে কম্বল দেওয়া হয়। পরে বন্ধুসভার সদস্যরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
৬ নভেম্বর হরতালের সময় টঙ্গীর বনমালা এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলেন কয়েকজন যুবক। ওই সময় পাশে খালে মাছ ধরছিলেন হেলাল ও নুরুল। ট্রেন আসতে দেখে হেলাল দ্রুত নিজের গামছা হাতে নিয়ে নাড়াতে নাড়াতে রেললাইনের পাশ দিয়ে ট্রেনের দিকে ছুটতে থাকেন। আর নুরুল রেললাইনের পাশে রশি দিয়ে ঝোলানো লাল নিশান খুলে বড়শির লাঠির মাথায় বেঁধে দৌড়াতে থাকেন। তাঁদের দেখে ট্রেনচালক ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন। দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ট্রেনের প্রায় তিন হাজার যাত্রী। এ নিয়ে ৮ নভেম্বর প্রথম আলোতে ‘দুজনের বুদ্ধিমত্তায় বেঁচে গেল তূর্ণা নিশীথার যাত্রীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
উপহার পেয়ে হেলাল ও নুরুল বলেন, তাঁরা কোনো কিছু পাওয়ার জন্য এ কাজ করেননি।