লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে, রেল চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ইকোপার্কের কাছে আজ রোববার সকালে একটি ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ শুরু হয়েছে।
আজ সকাল সোয়া আটটার দিকে বেসরকারিভাবে পরিচালিত রাজশাহী এক্সপ্রেস নামের মেইল ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল আওয়াল বলেন, উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। যত দ্রুত সম্ভব কাজ শেষে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে।
আবদুল আওয়াল জানান, দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রেনের সহকারী চালক ইমরান হোসেন জানান, ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে রাজশাহী এক্সপ্রেস। বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে ইকোপার্কের কাছে লাইন পরিবর্তনের সংযোগস্থলে ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
ইমরান হোসেনের দাবি, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনের স্টেশনমাস্টার ‘লাইন ক্লিয়ার’ আছে বলে পাস (পেপার ক্লিয়ারিং) দেন। কিন্তু লাইনটি ব্রডগেজে পরিবর্তন করা হয়নি। তাই এ দুর্ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু পশ্চিম রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আলী আহম্মদের দাবি, তিনি পাস লিখে টেবিলের ওপর রেখেছিলেন। কিন্তু তাঁর অনুমতি ছাড়াই কেউ একজন সেটি ওই ট্রেনের চালককে দিয়েছেন। ট্রেনের চালককে যাওয়ার অনুমতি দেননি তিনি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপিরদর্শক (এসআই) সবুজ বলেন, দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।