ট্রেন লাইনচ্যুত হয়ে ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে গতকাল শুক্রবার ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়েই মূলত এই যাত্রীরা আহত হন। দুর্ঘটনায় ময়মনসিংহ থেকে দুটি রেলপথে পাঁচ ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ থাকে।
গৌরীপুর রেলওয়ে স্টেশন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে একটি লোকাল ট্রেন ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। দুপুর পৌনে ১২টার দিকে গৌরীপুর স্টেশনে যাত্রাবিরতির আগে স্টেশনের সিগন্যাল পয়েন্ট এলাকায় ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।
এ সময় ট্রেন থেকে নামতে গিয়ে হুড়োহুড়িতে আমিনা বেগম (৫৫), মো. মুজাহিদ (১২), শাকিল মিয়াসহ (৮) ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-মোহনগঞ্জ, ময়মনসিংহ-জারিয়া রেলপথে বিকেল পাঁচটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। ময়মনসিংহ ও গৌরীপুর রেলওয়ে স্টেশনে দীর্ঘ সময় আটকে থেকে ভোগান্তি পোহান অনেকেই।
গৌরীপুর রেলস্টেশনের মাস্টার মোহাম্মদ শামছুল আলম বলেন, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করার পর সন্ধ্যায় দুটি রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।