ট্রেনচালকের ওপর হামলা, কাল চট্টগ্রামে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টেশনে লোকোমাস্টারের (রেলচালক) ওপর হামলার প্রতিবাদে কাল রোববার সকালে পাহাড়তলী ডিআরএম চত্বর ও সন্ধ্যায় চট্টগ্রাম স্টেশনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়ন। গতকাল শুক্রবার সকালে পাহাড়তলী রেলওয়ে ক্লাবে অনুষ্ঠিত সভা থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এর আগে গত বৃহস্পতিবার রাতেও সংগঠনের নেতারা পাহাড়তলী ইয়ার্ডে অবস্থান নিয়ে ইঞ্জিন চলাচলে বাধা সৃষ্টি করেছিলেন।
গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে একটি ইঞ্জিন লাইন পরিবর্তনের সময় প্ল্যাটফর্ম লাগোয়া প্রতিবন্ধককে ধাক্কা দেয়। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ইঞ্জিনে উঠে লোকোমাস্টারকে মারধর করার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়নের নেতারা অভিযোগ করেছেন।
মোহাম্মদ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম স্টেশনে মাদকসেবী ও দুর্বৃত্তদের আনাগোনা বেড়ে গেছে। নিরাপত্তার মধ্যে দুর্বৃত্তরা স্টেশনের ভেতরে কীভাবে অবস্থান নেয়? হর্ন বাজানোর কারণে দুর্বৃত্তরা লোকোমাস্টার ইসহাককে ইঞ্জিনে উঠে মারধর করে। আমরা দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার কর্মসূচি দিয়েছি। হামলাকারীরা গ্রেপ্তার না হলে সমাবেশ থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে।’
রেলের একাধিক কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, কম ভাড়ায় ইঞ্জিনে যাত্রী তুলেছিলেন লোকোমাস্টার। ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে ইঞ্জিনের ভেতরে লোকোমাস্টারকে মারধর করেন যাত্রীরা। তখন লোকোমাস্টার নিয়ন্ত্রণ হারালে ওই দুর্ঘটনা ঘটে।
এদিকে রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম চলমান কর্মসূচির বিরোধিতা করে বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধের হুমকি এবং ইয়ার্ডে ইঞ্জিন আটকে রাখা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা শ্রমিকদের স্বার্থ দেখতে সংগঠন করছি। কিন্তু সাধারণ যাত্রীকে জিম্মি করার কর্মসূচি দিলে প্রতিহত করা হবে।’
বুধবার রাতের দুর্ঘটনার কারণে দায়িত্বে অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ায় লোকোমাস্টার ইসহাক ইকবাল ও সহকারী লোকোমাস্টার কামরুল হাসানকে গত বৃহস্পতিবার বিকেলে সাময়িক বরখাস্ত করা হয়। এই আদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা পাহাড়তলী লোকো ইয়ার্ডে অবস্থান নিয়ে ইঞ্জিন চলাচলে বাধা দেন। এ কারণে বুধবার রাত সাড়ে ১০টার ঢাকাগামী মেইল ট্রেন প্রায় ২৫ মিনিট দেরিতে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। কর্মচারী ইউনিয়নের বিক্ষোভের মুখে গতকাল শুক্রবার সকালে ইসহাক ও কামরুলকে কাজে যোগদানের অনুমতি দেওয়া হয় বলে রেলওয়ের একটি সূত্র জানায়।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাময়িক বরখাস্তের আদেশ কোনো শাস্তি নয়। তদন্তের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আজ (শুক্রবার) সকালে দুজনকে কাজে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। যদিও লোকোমাস্টার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিন্তু তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়ার সুযোগ নেই।’