ট্রেনচালকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে লোকোমাস্টারের (রেলচালক) ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার বেলা ১১টায় পাহাড়তলীতে রেলের বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে (ডিআরএম চত্বর) সমাবেশ করেছে রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়ন। সমাবেশ থেকে চট্টগ্রাম স্টেশনে নিরাপত্তা জোরদার এবং লোকোমাস্টারের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বক্তব্য দেন আবদুস সবুর, রফিক চৌধুরী, এস কে বারী প্রমুখ। সমাবেশ শেষে সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করেন।

বক্তারা সমাবেশে বলেন, স্টেশনগুলোর নিরাপত্তা ঢিলেঢালা হওয়ায় সন্ত্রাসী ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে গেছে। গত বুধবার রাতে চট্টগ্রাম স্টেশনে লোকোমাস্টার ইসহাক ইকবালের ওপর মাদকসেবীরা হামলা চালিয়েছে। 

এদিকে বৃষ্টির কারণে সন্ধ্যায় চট্টগ্রাম স্টেশনের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়ন।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে একটি ইঞ্জিন লাইন পরিবর্তনের সময় প্ল্যাটফর্ম লাগোয়া প্রতিবন্ধককে ধাক্কা দেয়। দুর্বৃত্তরা ইঞ্জিনে উঠে লোকোমাস্টারকে মারধর করার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়নের অভিযোগ। অন্যদিকে রেলওয়ের একটি সূত্র বলছে, ইঞ্জিনে যাত্রী তুলেছিলেন লোকোমস্টার (ট্রেনচালক)। ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে ইঞ্জিনের ভেতরে লোকোমাস্টারকে যাত্রীরা মারধর করে। এ কারণে লোকোমস্টার নিয়ন্ত্রণ হারালে ওই দুর্ঘটনা ঘটে।