
বিদ্যুৎ সরবরাহকারী বগি (পাওয়ার কার) প্রায়ই নষ্ট হওয়ার কারণে আন্তনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি বিলম্বে চলাচল করছে। সেই সঙ্গে একটিমাত্র শীতাতপনিয়ন্ত্রিত বগির যন্ত্র খারাপ হওয়ার ঘটনা ঘটছে। বসার আসনগুলোরও জীর্ণদশা। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক এস এম আকবর হোসেন জানান, ট্রেনের মধ্যে আলো ও বৈদ্যুতিক পাখা চালানোসহ বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করতে পাওয়ার কার রয়েছে। এটি প্রায় দিনই নষ্ট হয়ে পড়ে। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত বগির যন্ত্র প্রতিদিনই খারাপ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
রেলওয়ে স্টেশন থেকে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে ট্রেনটি রংপুর স্টেশনে আসার কথা থাকলেও প্রতিদিনই বিলম্বে আসছে। কোনো দিন রাত ১০টা, আবার কোনো দিন রাত একটার দিকে আসছে। এই একটিমাত্র ট্রেন রংপুরে আসার পর সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু যথাসময়ে চলাচল করতে পারছে না। গত ১৫ দিনের মধ্যে চার দিন সময়মতো এলেও বাকি ১১ দিনই রাত ১০টা থেকে একটার মধ্যে রংপুর স্টেশনে পৌঁছায় ট্রেনটি।
সংশ্লিষ্ট বিভাগ ও যাত্রীদের অভিযোগ থেকে জানা যায়, রংপুর এক্সপ্রেস ট্রেনটির যাত্রীদের ১১টি বগির জীর্ণশীর্ণ অবস্থা। আসনগুলো নড়বড়ে। বৈদ্যুতিক পাখাগুলো প্রায়ই নষ্ট থাকে। রংপুরের জন্য সুলভ শ্রেণির টিকিট বরাদ্দ ছিল ১৪৮টি। বর্তমানে তা কমিয়ে ৭৬টি করা হয়েছে।
এই ট্রেনে নিয়মিত চলাচল করেন রংপুর শহরের চাকরিজীবী জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘এই ট্রেনটি চালু হওয়ার পর ভালোই ছিল। কিন্তু বর্তমানে ট্রেনের বগির আসনগুলো খুবই খারাপ। শৌচাগার নোংরা। তেমন একটা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না। এসি খারাপ থাকে। কখনো কখনো পুরো ট্রেন অন্ধকারেই চলাচল করে থাকে।’
রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে লাগাতার আন্দোলন করে আমরা রংপুর এক্সপ্রেস ট্রেন পেয়েছি। বর্তমানে এই ট্রেনটির অবস্থা খুবই খারাপ। বগিগুলো পুরোনো। একটিও ভালো বগি নেই। অবিলম্বে ট্রেনটির দুরবস্থা দূরীকরণ করা না হলে আবারও নতুন করে রেলওয়ে স্টেশনে অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হবে।’
ট্রেন বিলম্বে আসার কথা স্বীকার করে রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক এস এম আকবর হোসেন জানান, ট্রেনের বগিগুলোতে আলোর ব্যবস্থার জন্য ‘পাওয়ার কার’ চালু থাকা প্রয়োজন। এ ছাড়া শীতাতপনিয়ন্ত্রিত বগির এসিও প্রায় দিনই খারাপ হওয়ার ঘটনা ঘটছে। বগিগুলো পুরোনো। এ ব্যাপারে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।
রংপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু হয়ে ঈশ্বরদী, নাটোর, সান্তাহার, বগুড়া, গাইবান্ধা, কাউনিয়া জংশন হয়ে চলাচল করছে। রোববার সাপ্তাহিক বন্ধ।