ট্রেনযাত্রায় স্বস্তি নেই জামালপুরবাসীর
পুরোনো ইঞ্জিন আর লক্কড়ঝক্কড় ট্রেনের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করতে গিয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন জামালপুর জেলার মানুষ। অবস্থা এতটাই নাজুক যে জামালপুর থেকে ঢাকায় আসতে এখন সাড়ে তিন ঘণ্টার স্থলে সাত ঘণ্টা লেগে যাচ্ছে।
যাত্রীরা অভিযোগ করেন, ট্রেনের সময়সূচি ঠিক না থাকা, অপরিচ্ছন্ন ও ভাঙাচোরা আসন, ব্যবহারের অনুপযোগী শৌচাগার, ট্রেনের ভেতরে হকার ও হিজড়াদের দৌরাত্ম্যের কারণে স্বস্তিতে যাতায়াত করা যায় না।
জামালপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, সড়কপথে জামালপুর থেকে ঢাকা যাতায়াতের জন্য ভালো মানের বাস সার্ভিস না থাকায় জেলার অধিকাংশ মানুষ ট্রেনের ওপর নির্ভরশীল। এ পথে আন্তনগর অগ্নিবীণা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ সাতটি ট্রেন চলাচল করে। এর মধ্যে তিস্তা এক্সপ্রেস ছাড়া অন্যান্য ট্রেনের ইঞ্জিন দীর্ঘদিনের পুরোনো। অগ্নিবীণা এবং লোকাল ও মেইল ট্রেনগুলোর অধিকাংশ বগি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
রেলস্টেশন সূত্রে আরও জানা গেছে, জামালপুর স্টেশনে চারটি আন্তনগর ট্রেনের বিভিন্ন শ্রেণির জন্য আসন বরাদ্দ রয়েছে ৭৯৭টি। এখানে প্রতিদিন বরাদ্দের দ্বিগুণ টিকিট বিক্রি হয়। আসন না পাওয়ায় যাত্রীদের জামালপুর থেকে ঢাকা পর্যন্ত ১৭৭ কিলোমিটার পথ বগির মেঝে অথবা ছাদে বসে পাড়ি দিতে হয়। রেলওয়ের এ অব্যবস্থাপনার কারণে প্রতিদিন ১৫ হাজার যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন।
মামুনুর রশিদ নামের একজন ট্রেনযাত্রী বলেন, জামালপুর জংশনকে মডেল স্টেশন করা হলেও এখানে যাত্রীসেবার মান সে অনুযায়ী উন্নত হয়নি। স্টেশনের প্ল্যাটফর্মে অবৈধভাবে স্থায়ী ও ভ্রাম্যমাণসহ শতাধিক দোকান বসানো হয়েছে।
কয়েকজন ট্রেন যাত্রী বলেন, আন্তনগর ট্রেন চালু হওয়ার পর জামালপুর থেকে ঢাকা যেতে সময় লাগত সাড়ে তিন ঘণ্টা। কিন্তু এখন সময় লাগছে প্রায় সাত ঘণ্টা। স্টেশনের প্ল্যাটফর্মে বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা, ভালো শৌচাগার ও বসার জায়গায় না থাকায় যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। সারা দেশে রেলযোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলেও জামালপুরের মানুষ এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
জামালপুর নগর উন্নয়ন কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, জামালপুর স্টেশনেই প্রতিদিন দুই লক্ষাধিক টাকার টিকিট বিক্রি হচ্ছে। এর পরও এই রেলস্টেশন ও জামালপুর-ঢাকা রেলপথে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রীসেবার মান উন্নয়নের জন্য কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।
স্টেশন মাস্টার জহুরুল ইসলাম বলেন, সময়সূচি ঠিক না থাকা, বগি ভালো না থাকা এবং পুরোনো ইঞ্জিনের কারণে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। ট্রেনের বগি ও আসনসংখ্যা বৃদ্ধি এবং ব্যবস্থাপনা উন্নত করলে যাত্রী আরও বাড়বে। প্ল্যাটফর্মে থাকা অবৈধ দোকানগুলো উচ্ছেদের জন্য রেলওয়ে পুলিশ প্রায়ই অভিযান চালাচ্ছে। কিছুদিন পর ব্যবসায়ীরা আবার সেখানে দোকান নিয়ে বসছে।