ট্রেনযাত্রার প্রথম দিন ভোগান্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হয়েছে ঘরে ফেরার উৎসব। দাঁড়িয়ে যেতে যাঁরা টিকিট কেটেছেন তাঁরা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই পারেননি। গতকাল চট্টগ্রাম রেলস্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের দৃশ্য l ছবি: সৌরভ দাশ
শুরু হয়েছে ঘরে ফেরার উৎসব। দাঁড়িয়ে যেতে যাঁরা টিকিট কেটেছেন তাঁরা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই পারেননি। গতকাল চট্টগ্রাম রেলস্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের দৃশ্য l ছবি: সৌরভ দাশ

ট্রেনে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে গতকাল বুধবার। প্রথম দিনেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ও চট্টগ্রাম স্টেশনে ছিল ঘরমুখী যাত্রীদের ভিড়। ট্রেনগুলোর সময়সূচি মোটামুটি ঠিক থাকায় যাত্রীদের তেমন ভোগান্তিতে পড়তে হয়নি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রি করা অগ্রিম টিকিটের যাত্রা শুরুর প্রথম দিনে গতকাল আন্তনগর ট্রেনগুলোতে ভিড় থাকলেও তা উপচে পড়া ছিল না। যাত্রীদের উদ্বেগ ছিল, সময়মতো ট্রেন ছাড়বে তো। চট্টগ্রাম স্টেশনে যাত্রীর চাপ ছিল কম।

অবশ্য রেলওয়ের কর্মকর্তারা বলেছেন, দুটি বাদে সব আন্তনগর ট্রেন সন্ধ্যা পর্যন্ত সময়মতোই চলেছে। তাঁদের আশা, এবার সময়সূচি নিয়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে না।

সন্ধ্যা ছয়টায় কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারগুলোতে দীর্ঘ সারি। সবাই ট্রেনে দাঁড়িয়ে হলেও গন্তব্যে যেতে টিকিট কিনতে দাঁড়িয়েছেন। ভিড় সামলাতে মাঝেমধ্যে হুইসেল বাজাচ্ছেন রেলওয়ের নিরাপত্তাকর্মীরা। হাতে-মাথায় ব্যাগ, বোঁচকা নিয়ে প্ল্যাটফর্মের দিকে ছুটছে মানুষের স্রোত। প্ল্যাটফর্মের বসার জায়গা পরিপূর্ণ, পত্রিকা বিছিয়েও পরিবার নিয়ে বসে আছেন অনেকে। অপেক্ষা ট্রেনের। বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করবেন।

কাউন্টারের কাছে পত্রিকার স্টলের পাশে এক কোনায় ব্যাগের ওপর বসে ছিলেন পোশাকশ্রমিক মো. আরিফুল ও তাঁর স্ত্রী শিউলি বেগম। তাঁরা টিকিট কাটেননি। আরিফুলের বন্ধু গেছেন একতা এক্সপ্রেসের দাঁড়ানো টিকিট কাটতে। আরিফুল বলেন, দিনাজপুরের পার্বতীপুর তাঁদের বাড়ি। বাসে কতক্ষণে পৌঁছাবেন তার ঠিক নেই, তাই ট্রেনে যাবেন। দাঁড়িয়ে বা ছাদে উঠে এর আগেও ট্রেনে বাড়ি গেছেন।

দিনাজপুরের যাত্রী কলেজশিক্ষক হাসিনুর রহমান বলেন, ‘অনেক ঝক্কি পেরিয়ে স্টেশনে এসেছি। ট্রেনে চড়তেও হয়তো অনেক ঝক্কি পোহাতে হবে। সেই প্রস্তুতি-পরিকল্পনা করা শেষ। এখন সময়মতো ট্রেন এলেই হলো।’

রেল কর্মকর্তারা বলছেন, আজ বৃহস্পতিবার থেকে আসল ভিড় শুরু হবে। তখন বোঝা যাবে কী হতে চলেছে।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুল আহসান বলেন, গত মঙ্গলবার পর্যন্ত ৮৪ শতাংশ ট্রেন সময়সূচি মেনে চলেছে। গতকাল কালনী এক্সপ্রেস ট্রেনটি আড়াই ঘণ্টা দেরিতে ছেড়েছে। একটি ভ্যাকুয়াম পাইপ ফেটে যাওয়ায় ট্রেনটি ধীর হয়ে পড়ায় এ দেরি হয়। এ ছাড়া মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনের চালককে মারধর করেছেন কিছু উচ্ছৃঙ্খল যাত্রী। চালক অসুস্থ হয়ে পড়ায় ট্রেনটি ৪০ মিনিটে দেরিতে ঢাকা পৌঁছেছে। তবে পারাবতের পরবর্তী যাত্রা বৃহস্পতিবার সকালে হওয়ায় এই দেরি পরের যাত্রাগুলোতে কোনো প্রভাব ফেলবে না। বাকি সব ট্রেন সময়মতোই রয়েছে।

গতকাল প্রথম দিনে সুবর্ণ, প্রভাতী, পাহাড়িকা ও গোধূলি দিয়ে ঈদে ঘরমুখী প্রায় তিন হাজার যাত্রী চট্টগ্রাম স্টেশন ছাড়েন। তবে নারী ও শিশুযাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি ছিল। রাতে ঢাকাগামী তূর্ণা ও মেইল এবং সিলেটগামী উদয়ন ট্রেনেও অনেকে চট্টগ্রাম ছাড়েন। তবে গতকাল ভিড় ছিল গত ঈদের তুলনায় কম। আন্তনগর ট্রেনে খুব কম যাত্রীই দাঁড়িয়ে যাওয়ার টিকিট করেছেন। তবে ছাদে চড়তে দেখা গেছে অনেককে।

গতকাল সরকারি-বেসরকারি দপ্তর খোলা থাকায় যাত্রীদের ভিড় কম ছিল। আজও অফিস-আদালত খোলা, তবে বিকেল থেকে যাত্রীদের ভিড় বাড়তে পারে।

বরিশাল যাওয়ার জন্য স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রাম স্টেশনে আসেন আলাউদ্দিন তালুকদার। ভিড় এড়াতে চাঁদপুরগামী মেঘনা ট্রেনের টিকিট কেটে তিনি প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘চাঁদপুরগামী ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে। তাই ঈদের পাঁচ দিন আগেই যাত্রা করছি। টিকিট কিনতে সমস্যা হয়নি। দুদিন পর গেলে টিকিট পাওয়া কঠিন হতো।’

চট্টগ্রাম স্টেশন সূত্র জানায়, গতকাল মেঘনায় ছিল ১৪টি কোচ, আজ আরও তিনটি বাড়তি কোচ সংযোজন করা হবে। অন্য আন্তনগর ট্রেনগুলোতেও আজ একটি থেকে তিনটি কোচ সংযোজন করা হবে। সব ট্রেন মিলে গতকাল পর্যন্ত ৪০টি বাড়তি কোচ সংযোজন হয়েছে। আজ বাকি ৩১টি কোচ সরবরাহ করা যাবে বলে প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ জানিয়েছেন।

চলবে ৪১ জোড়া ট্রেন: পূর্বাঞ্চলে রেলের ২১ জোড়া আন্তনগর ও ২০ জোড়া মেইল ও এক্সপ্রেস ট্রেন রয়েছে। আন্তনগর ট্রেনের ইঞ্জিন ও পাওয়ার কারে ২৮৭টি কোচ দিয়ে যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। কোচ আমদানি বন্ধ থাকায় কেবল আন্তনগরে ২৫টি এবং মেইল ও এক্সপ্রেস ট্রেনে ৫৮টি কোচের সংকট রয়েছে।

রেলের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোচসংকট রয়েছে। এটা মানতে হবে। গত বছরের তুলনায় আমরা বাড়তি যাত্রী পরিবহন করতে পারছি না। তার পরও সীমিত সম্পদ দিয়ে আমরা এবারের ঈদে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।’