নরসিংদীর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন সন্ত্রাসীর গুলিতে নিহত হওয়ার পর ট্রেনে অগ্নিসংযোগ ও রেলস্টেশন ভাঙচুরের ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় দুটি মামলা করা হয়েছে। উভয় মামলায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল শুক্রবার সকালে একটি মামলা করেন ট্রেনটির পরিচালক আ. বারী। নরসিংদী স্টেশনের প্ল্যাটফরম ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার রাতে অপর মামলাটি করেন নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাস। ভৈরব রেলওয়ে থানা পুলিশ জানায়, মামলার এজহারে বলা হয়েছে, মেয়র লোকমান সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পরের দিন গত বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে ট্রেনের নয়টি বগি পুড়ে যায়। যার আর্থিক ক্ষতি এক কোটি ৮৮ লাখ ২৫ হাজার টাকা।প্ল্যাটফরম ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজহারে বলা হয়েছে, মেয়র লোকমান নিহত হওয়ার দিন মঙ্গলবার রাতেই বিক্ষুব্ধ জনতা নরসিংদী রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এতে ক্ষতি হয় তিন কোটি ৬৫ লাখ ২২ হাজার ৮০০ টাকা।ভৈরব রেলওয়ে থানার ওসি আবুল খায়ের জানান, এজহার দুটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।