ট্রেনে অতিরিক্ত দাঁড়ানো যাত্রী সমস্যা আসনধারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ট্রেনগুলোতে অতিরিক্ত দাঁড়ানো যাত্রীর কারণে মাঝেমধ্যে হাঁসফাঁস অবস্থায় পড়তে হয় আসনে বসা যাত্রীদের। বিশেষ করে ঈদের সময়ে। রেলওয়ে কর্তৃপক্ষ আসনসংখ্যার অনুপাতে দাঁড়ানো যাত্রীর টিকিট বিক্রির দাবি করলেও বাস্তবে বগির চেহারা থাকে ভিন্ন। অতিরিক্ত ভিড় দীর্ঘ যাত্রাপথের যাত্রীদের জন্য সমস্যা সৃষ্টি করে।অভিযোগ রয়েছে, ট্রেনে দায়িত্বরত কিছু কর্মচারীর (অ্যাটেনডেন্ট) সহায়তায় ওঠা যাত্রী ও টিকিটবিহীন যাত্রীর কারণে বগিতে অতিরিক্ত ভিড় হয়।নাম প্রকাশে অনিচ্ছুক কমলাপুর রেলওয়ে স্টেশনের একজন কর্মকর্তা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রতিটি আন্তনগর ট্রেনে আসনসংখ্যার ২০ শতাংশ দাঁড়ানো যাত্রীর টিকিট বিক্রি করা হয়। বগিতে আসনসংখ্যার ২০ শতাংশ দাঁড়ানো যাত্রী থাকলে আসন পাওয়া যাত্রীদের সমস্যা হওয়ার কথা নয়। তিনি বলেন, বিনা টিকিটের যাত্রী ও অ্যানেটডেন্টদের সহায়তায় ওঠা যাত্রীদের কারণে অতিরিক্ত ভিড় হয়। কিন্তু এ নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা বা উদ্যোগ নিলে ঝামেলা হয়। যাত্রীদের হইচইয়ে কখনো কখনো ট্রেন বিলম্বিত হয়। একটি ট্রেনের বিলম্বের কারণে অন্যান্য ট্রেনেও বিলম্ব হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমিরুল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, বিকেল তিনটার চট্টগ্রাম অভিমুখী মহানগর গোধূলীতে তিনি উঠেছিলেন পৌনে তিনটায়। কিন্তু নির্ধারিত আসনের কাছে গিয়ে দেখেন, ওই আসনে এক যাত্রী বসে আছেন। তিনি টিকিট দেখিয়ে অনুরোধ জানালে ওই ব্যক্তি বিরক্তি নিয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ান। তবে বসেও স্বস্তি পাচ্ছিলেন না তিনি। কারণ তাঁর কাছাকাছি দাঁড়িয়ে যাচ্ছিলেন পাঁচজন। বগিজুড়েই এমন অনেক যাত্রী।অথচ দাঁড়ানো ওই যাত্রীরাও টিকিট কেটে যাচ্ছিলেন। আসনের টিকিট না পাওয়ায় তাঁদের দাঁড়িয়ে যেতে হচ্ছে। এ যাত্রা আরও কষ্টকর।ভুক্তভোগী যাত্রীরা জানান, মহানগর গোধূলীর মতো সব আন্তনগর ট্রেনেই আসনের যাত্রীর তুলনায় দাঁড়ানো যাত্রী থাকছে বেশি। শোভন, প্রথম শ্রেণীর মতো শীতাতপ নিয়ন্ত্রিত বগিতেও থাকে দাঁড়ানো যাত্রী। দাঁড়ানো যাত্রীদের অনেকে টিকিটধারী, অনেকে অ্যাটেনডেন্টকে টাকা দিয়ে উঠেছেন, আবার কেউ কেউ শোভন শ্রেণীর টিকিট কিনে প্রথম বা শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীর বগিতে উঠেছেন।কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী বলেন, নিয়ম অনুযায়ী ট্রেনের যাত্রার দিন দাঁড়িয়ে যাওয়ার টিকিট (স্ট্যান্ডিং টিকিট) বিক্রি করা হয়। তবে এসব যাত্রীর জন্য বগিতে অস্বস্তিকর অবস্থা হওয়ার কথা নয়। কারণ, এমন টিকিট বিক্রি হয় সীমিতসংখ্যক। তিনি বলেন, এর বিকল্প হিসেবে আসনসংখ্যা বাড়াতে বেশি বগি যুক্ত করাও বিপজ্জনক। কারণ, এতে ইঞ্জিনের সমস্যা হয়। বগির স্প্রিং বসে যাওয়ার ঘটনাও ঘটে।সিলেটগামী জয়ন্তিকার যাত্রী মমতাজুর রহমান অভিযোগ করেন, যানজটের কারণে বিলম্বে কমলাপুর পৌঁছে নির্ধারিত বগিতে উঠে দেখেন, তাঁদের চারটি আসনে অন্যরা বসে আছেন। বলার পরও তাঁরা আসন ছাড়ছিলেন না। একজন অ্যাটেনডেন্টকে বিষয়টি জানালে তিনি বললেন, ‘ভুল করে ওনারা যখন বসেই গেছেন, সবাই মিলেমিশে যান। কতক্ষণের আর পথ।’ দাঁড়ানো যাত্রীর টিকিট কেটে মহানগর গোধূলীতে ওঠা লুৎফুর রহমান বলেন, আসনের টিকিটের দাম আর তাঁর টিকিটের দাম একই। কিন্তু অগ্রিম টিকিট না পেয়ে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘বসা যাত্রীরা ভাগ্যবান।’এদিকে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি গত সোমবার শেষ হলেও গতকালও অনেক মানুষ বিভিন্ন ট্রেনের টিকিটের খোঁজে কমলাপুর স্টেশনে আসেন। এঁদের একজন বাসাবোর আবদুর রকিব বলেন, ‘জানতাম টিকিট পাওয়া আমাদের মতো লোকদের জন্য এখন স্বপ্ন। তার পরও কোনো কোনো ভাগ্যবান আছেন, যাঁরা রথী-মহারথীদের স্লিপ এনে টিকিট পাচ্ছেন।’