ট্রেনে অসুস্থ হয়ে পড়াদের নিয়ে বিপাকে জিআরপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়াসহ নানা কারণে ট্রেনে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের চিকিৎসাসেবা দেওয়া নিয়ে বিপাকে পড়েছে বগুড়ার সান্তাহার রেলওয়ে জিআরপি থানা।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা প্রায়ই অজ্ঞান পার্টির প্রতারণার শিকার হয়ে নানা ধরনের খাদ্য খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। এ ছাড়া নানা কারণে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ট্রেনে এ ধরনের ঘটনা ঘটলে ট্রেনের পরিচালক ও অন্য যাত্রীরা তাঁদের জিআরপির কাছে দিয়ে যান। তিনি বলেন, এসব রোগী ঘণ্টার পর ঘণ্টা অজ্ঞান হয়ে থাকায় তাঁদের পরিচয় জানা সম্ভব হয় না। সরকারিভাবে এসব রোগীর চিকিৎসার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। তার পরও মানবিক কারণে চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে গিয়ে রোগীদের চরম বিড়ম্বনায় পড়তে হয়।সান্তাহার রেলওয়ে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা না থাকার কথা বলে রোগীদের নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় ছয় কিলোমিটার পথ রোগীকে বহন করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে বলা হয়, রেলওয়ের রোগীকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দিতে হবে, সেখানে নিয়ে যান।শরিফুল ইসলাম অভিযোগ করেন, গত ৭ মার্চ এ রকম অজ্ঞান হয়ে পড়া দুজন রোগীকে সান্তাহার রেলওয়ে হাসপাতাল ও নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কোথাও তাঁদের ভর্তি করা যায়নি। পরে সান্তাহারে ফিরিয়ে এনে তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।এ বিষয়ে সান্তাহার রেলওয়ে হাসপাতালের সহকারী সার্জন মারফুল আলম বলেন, ‘হাসপাতালে আসা রোগীদের অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁদের চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে রোগীর অবস্থা বেশি খারাপ হলে ঝুঁকি না নিয়ে তাঁদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে যদি রোগী ভর্তি না করা হয় সেটি দুঃখজনক। নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহাফুজুর রহমান এ ধরনের অভিযোগ অসত্য বলে দাবি করেন। তিনি বলেন, ‘যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে পুলিশ যেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে।’