ট্রেনে আগুন লাগার গুজবে লাফিয়ে পাঁচজন আহত
ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার গুজবে আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে পাঁচজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে ওই ট্রেনে গন্তব্যে চলে গেছেন বলে জানা গেছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র মতে, গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকাগামী একটি লোকাল ট্রেন (নম্বর-৫৫১) মির্জাপুর রেলস্টেশনে থামার সঙ্গে সঙ্গে ট্রেনটির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। তা দেখে ট্রেনের ছাদে ও ভেতরে থাকা যাত্রীরা লাফিয়ে নিচে নামতে থাকেন। এতে মহিলাসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হন। তাঁরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে ওই ট্রেনেই আবার ফিরে গেছেন। এদিকে ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকলে ট্রেনচালক ও তাঁর সহকারীরাও আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাঁরা গ্যাসের সাহায্যে ধোঁয়া নিয়ন্ত্রণে আনলে প্রায় সোয়া এক ঘণ্টা পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। প্রত্যক্ষদর্শী মির্জাপুর কলেজের সাবেক ভিপি আবু সাঈদ মিয়া বলেন, ট্রেনের ইঞ্জিনে কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত যাত্রীরা লাফিয়ে নিচে নামার সময় অন্তত পাঁচজন আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দিয়ে ওই ট্রেনেই পাঠিয়ে দেওয়া হয়েছে। মির্জাপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার নজরুল ইসলাম বলেন, আন্তনগর ট্রেনকে যাওয়ার সুযোগ দিতে ট্রেনটি স্টেশনে থেমেছিল। তবে ট্রেনে অতিরিক্ত যাত্রী থাকায় ইঞ্জিনে বেশি শক্তি লেগেছে। এ কারণে কিছুক্ষণ পর তা থেকে কালো ধোঁয়া বের হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু ছিল না। ট্রেনের চালক কালো ধোঁয়া নিয়ন্ত্রণে এনে তা নিয়ে আবার ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।