ট্রেনে আসন নেই দুর্ভোগ যাত্রীদের
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি করে। কিন্তু শমশেরনগর থেকে ওই তিনটি স্টেশনের যাত্রীদের কোনো আসন বরাদ্দ নেই। এতে এই তিন স্টেশনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের আগে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।
গতকাল শনিবার সকালে শমশেরনগর স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন। এর মধ্যে সিলেট-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা, লাকসাম, ও ফেনী স্টেশনের যাত্রীরা নির্ধারিত স্টেশনের টিকিট চেয়েও পাচ্ছেন না।
স্টেশনমাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, এই তিনটি স্টেশনে যাত্রাবিরতির সুযোগ থাকলেও ১০-১২ বছর ধরে কোনো আসন বরাদ্দ করা হচ্ছে না। এই অবস্থায় যাত্রীদের আসনবিহীন টিকিট নতুবা দ্বিগুণ দাম দিয়ে সরাসরি চট্টগ্রাম স্টেশনের টিকিট কিনতে হচ্ছে। এই তিনটি স্টেশনের প্রতিটির যাত্রীসংখ্যা অর্ধশত করে হলেও শমশেরনগর থেকে চট্টগ্রামের আসন আছে মাত্র ১৫টি। ফলে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
কুমিল্লার যাত্রী শমশেরনগর ইসলামী মিশনের কর্মচারী খাইরুল ইসলাম অভিযোগ করেন, ১০-১২ বছর আগে কুমিল্লায় পাহাড়িকা এক্সপ্রেস দুর্ঘটনাকবলিত হওয়ার পর ট্রেনের বগি কমে যাওয়ায় এই তিনটি স্টেশনের আসন বাতিল করা হয়। কিছুদিন পর পাহাড়িকায় নতুন বগি সংযুক্ত করা হলেও ওই তিন স্টেশনের জন্য আসন বরাদ্দ করেনি রেল কর্তৃপক্ষ। শমশেরনগর থেকে কুমিল্লার ভাড়া ১৩৫, লাকসামের ভাড়া ১৫০ ও ফেনীর ভাড়া ১৮০ টাকা। কিন্তু ওই তিন এলাকার আসন পাওয়ার জন্য যাত্রীদের সরাসরি চট্টগ্রামের ভাড়া ২৪০ টাকা দিয়ে টিকিট কিনতে হচ্ছে।
শমশেরনগর স্টেশনমাস্টার আবদুল আজিজ জানান, টানা ১০ বছর ধরে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগকে মৌখিক ও লিখিতভাবে আন্তনগর পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসের জন্য কুমিল্লা, লাকসাম ও ফেনীর জন্য আসন বরাদ্দ করার জন্য আবেদন করা হচ্ছে। এরপরও আসন বরাদ্দ হয়নি।
সিলেট স্টেশনের মাস্টার কাজী শহিদুর রহমান বলেন, সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রেলপথের মাঝে শমশেরনগর স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে টার্গেটের চেয়েও বেশি রাজস্ব আয় হয়। এখানে যাত্রীসংখ্যাও অনেক বেশি। দ্রুত শমশেরনগর থেকে আন্তনগর পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসে কুমিল্লা, লাকসাম ও ফেনীর জন্য আসন বরাদ্দের বিষয়টি তিনি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছেন।