ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে প্রাণ হারালেন আ.লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে প্রাণ হারালেন হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুর্শেদ কামাল (৪০)। আজ রোববার সকাল ১০টায় হরষপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বুল্লা ইউপির সাবেক চেয়ারম্যান মুর্শেদ কামাল এবং একই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বামৈ ইউপির চেয়ারম্যান মাহফুজুল আলম আজ সকালে একসঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। তাঁরা শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে কালনী রেলযোগে রওনা হন। তাঁদের ট্রেনটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেলস্টেশনে ক্রসিংয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী মাহফুজুল আলম জানান, এ সময় মুর্শেদ কামাল খাওয়ার পানি আনার জন্য ট্রেন থেকে নামেন। তিনি নামার পরপরই ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেন হরষপুর স্টেশন অতিক্রম করছিল। দুটি ট্রেন ক্রসিং অবস্থায় মুর্শেদ হয়তো ধরে নেন তাঁর ট্রেন ছেড়ে দেবে। এমন ধারণা থেকে তিনি দৌড়ে নিজের ট্রেনে আসার সময় পারাবত ট্রেনের ধাক্কা খান এবং ট্রেনের নিচে কাটা পড়েন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও উপস্থিত হন ঘটনাস্থলে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।