ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারালেন হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের এক নেতা। গতকাল রোববার মাধবপুর উপজেলার হরষপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নেতার নাম মুর্শেদ কামাল (৪০)। তিনি লাখাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁর বাড়ি উপজেলার বেগুনাই গ্রামে।
শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শেদ কামাল এবং লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম গতকাল সকালে একসঙ্গে ঢাকায় যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে আন্তনগর ট্রেন কালনী এক্সপ্রেসে ওঠেন। ট্রেনটি সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার হরষপুর স্টেশনে যাত্রবিরতি দেয়। এ সময় মুর্শেদ কামাল পানি আনার জন্য ট্রেন থেকে নামেন। একই সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস হরষপুর স্টেশন অতিক্রম করছিল। পানি নিয়ে ফেরার পথে মুর্শেদ কামাল দুই ট্রেনের মাঝখানে আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শী ও তাঁর সহযাত্রী আওয়ামী লীগ নেতা মাহফুজুল আলম বলেন, দুটি ট্রেন পাশাপাশি অবস্থায় থাকায় মুর্শেদ কামাল হয়তো ধরে নেন তাঁর ট্রেন ছেড়ে দেবে। এ ধারণা থেকে তিনি (মুর্শেদ কামাল) দৌড়ে কালনী এক্সপ্রেসে উঠতে গিয়ে পারাবত এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে এর নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। গতকাল বিকেলে মুর্শেদ কামালের জানাজা বেগুনাই গ্রামে তাঁর বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।