ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র প্রাণ হারালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ থেকে রাজধানীতে কাজের সন্ধানে এসে গতকাল বুধবার রাতে মাহবুব আলম (২২) নামের এক কলেজছাত্র ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ব্যবসায় প্রশাসন (বিবিএ) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মৃত্যুর খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা মাহবুবের বড় ভাই সোহান মিয়া প্রথম আলোকে বলেন, গত রোববার ময়ম​নসিংহের নান্দাইলের কাশিনগর থেকে গাজীপুরে এক আত্মীয়ের বাসায় আসেন কলেজছাত্র মাহবুব। সেখান থেকে কাজের সন্ধানে তিনি খিলক্ষেতে একটি দরজির দোকানে যান। দরজির দোকানির সঙ্গে কথা বলার পর তিনি খিলক্ষেত রেললাইনে প্রস্রাব করছিলেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তার পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান।
হাসপাতাল সূত্র জানায়, রাত সোয়া ১০ টার দিকে রক্তাক্ত অবস্থায় মাহবুবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎ​সক তাকে মৃত ঘোষণা করেন।
রাতে যোগাযোগ করা হলে সরকারি রেলওয়ে ঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার কলেজ ছাত্র মাহবুবের ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।