ট্রেনে কাটা পড়ে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। এর মধ্যে দুর্ঘটনাস্থলে একজন ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন সেখানে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন মনোয়ারা বেগম ও অন্যজন আবদুল মালেক। মনোয়ারা বেগম তাঁর স্বামী মো. কাওছারের সঙ্গে রাজধানীর বাংলা মটরের ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরগুনার ছোটগড়ি চন্না গ্রামে। আবদুল মালেকের ছেলে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা মো. মোরশেদ আলম বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পিতার লাশ শনাক্ত করেন। তিনি জানান, তাঁর বাবা প্রতিদিনের মতো আজও জগিং করতে ঢাকার পূর্ব তেজতুরি বাজারের বাসা থেকে বের হন। পরে এ দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় হতাহত অন্যদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী নাসিমা আক্তারের ভাষ্য, দুর্ঘটনাস্থলে ১০ থেকে ১১ জন মানুষ হাত-পা কাটা অবস্থায় পড়েছিলেন। এর মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন। জায়গাটি ছিল ছোপ ছোপ রক্তে ভরা। ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রেলক্রসিংয়ের গেটম্যান আবু আহমেদ প্রথম আলোকে বলেন, রেলক্রসিং থেকে পশ্চিমদিকে মাছ বাজারের পেছনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা আন্তনগর ট্রেনটি কমলাপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে পাশের লাইন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী কণর্ফুলি আন্তনগর ট্রেনটিও যায়। এ সময় রেললাইনের ওপর বাজার বসায় সেখানে মানুষের ভিড় ছিল। ট্রেনে কাটা পড়ে বেশ কয়েকজন হতাহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ১০ থেকে ১১ জন আহত হয়েছেন বলে তাঁরা জানান।

তাঁরা বলেন, রেললাইনের ওপর প্রতিদিনই বাজার বসে। সেখানে অনেকে বাজার করতে গিয়েছিলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সকাল সাড়ে নয়টার দিকে জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ব্যক্তিদের মধ্যে একজন নারী মারা গেছেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার আধা ঘণ্টা পরই ওই এলাকায় আবার ট্রেন আসা-যাওয়া শুরু হয়েছে।