ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার আন্তনগর ট্রেন তিস্তায় কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলো শহরের দেওয়ানপাড়া এলাকার নূর আলমের স্ত্রী সালমা বেগম (৪০) ও ছেলে ফাজবীর আহম্মেদ (৪)।
নিহত সালমার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমা বেগমের স্বামী সৌদি আরব প্রবাসী। সালমা দেওয়ানপাড়া এলাকার একটি বাসায় দুই ছেলে নিয়ে থাকতেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে তিনি ছোট ছেলে ফাজবীরকে নিয়ে বাসা থেকে বের হন। বিকেল চারটার দিকে পশ্চিম নয়াপাড়া এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন তিস্তায় মা ও ছেলে একসঙ্গে কাটা পড়েন।
নিহত সালমার ভাগনি জান্নাত বেগম বলেন, কী কারণে তাঁর মামি ট্রেনের ওখানে গিয়েছিলেন তা তিনি জানেন না। এটি দুর্ঘটনা না আত্মহত্যা এ বিষয়েও কিছুই জানাতে পারেননি তিনি।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন চৌধুরী বলেন, এটা দুর্ঘটনা না আত্মহত্যা তা তদন্তের পর বোঝা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।