ট্রেনে কাটা পড়ে মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে ফারজানা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তাঁকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ সাজু (২৩) নামের এক ছাত্র।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের অক্সিজেনের বটতলী ট্যানারি এলাকায় এ ঘটনা ঘটে।
ফারজানা নগরের কুলগাঁও সিটি করপোরেশন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সাজু নগরের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানায় পুলিশ।
চট্টগ্রাম জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) খালেদ কায়সার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, ফারজানা ও সাজু রেললাইন ধরে হাঁটছিলেন। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ওই সময় ফারজানা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের সামনে লাফ দেন৷ এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সাজু। তিনি মাথায় আঘাত পেয়েছেন।
সাজুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাজুর ভাই মোহাম্মদ রাজু বলেন, এটি একটি দুর্ঘটনা।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই খালেদ কায়সার।