ট্রেনে কাটা পড়ে যুগ্ম সচিবের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে কাটা পড়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) রণজিৎচন্দ্র সরকারের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি ঈদের ছুটি শেষে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর ‘হাওর’ এক্সপ্রেস ট্রেনটি গতকাল বেলা ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে থামে। ওই ট্রেনে করে রণজিৎচন্দ্র সরকার ঢাকায় যাচ্ছিলেন। তাঁর সঙ্গে পরিবারের কেউ ছিল না।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির সময় রণজিৎচন্দ্র সরকার শৌচাগার ব্যবহার করার জন্য নামেন। বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় তিনি ট্রেনে উঠতে চাইলে পা ফসকে চাকার নিচে পড়ে যান। এতে তাঁর বাঁ পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় আঘাত পান। পরে ময়মনসিংহ স্টেশনে কর্মচারী ও স্টেশনের প্ল্যাটফর্মে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক একটার দিকে তাঁর মৃত্যু হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুল আহাদ খান বলেন, রণজিৎচন্দ্র সরকার দ্রুত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে যান। দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। রণজিৎচন্দ্র সরকার ছিলেন বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা।