ট্রেনে কাটা পড়া রোধে...
ট্রেনে কাটা পড়ে মৃত্যুরোধে মাসব্যাপী গণসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এ কার্যক্রম চালু হয়। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, সচেতনতা সৃষ্টির জন্য চট্টগ্রাম রেলওয়ে থানার উদ্যোগে থানা থেকে মিরসরাইয়ের চিনকী আস্তানা পর্যন্ত মাসব্যাপী মাইকিং ও লিফলেট বিতরণ শুরু হয়েছে। রেললাইনে গরু চরানো কিংবা বাচ্চাদের খেলাধুলা থেকে বিরত রাখা, রেলগেট বন্ধ থাকা অবস্থায় রেললাইন অতিক্রম না করা, চলন্ত ট্রেনে মুঠোফোনে সেলফি না তোলা, রেললাইনের ধারে দোকান না বসানো ইত্যাদি বিষয়ে কর্মকর্তারা জনসাধারণকে সতর্ক করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, স্টেশন মাস্টার মাহবুব আলম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক মো. মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম