ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর বাজার এলাকায় গতকাল মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার রাত সাড়ে সাতটার দিকে আশুগঞ্জ রেলস্টেশন এলাকায় একইভাবে এক তরুণ নিহত হন।

আশুগঞ্জ রেলস্টেশনে নিহত তরুণের নাম শামীম মিয়া (২০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি গ্রামের দুদু মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল ভোর পৌনে ছয়টার দিকে তালশহর রেলস্টেশন থেকে কিছুটা দূরে তালশহর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন এক নারী। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আখাউড়া রেলওয়ে পুলিশকে খবর দেয়।

আশুগঞ্জ রেলস্টেশন ও পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে ট্রেনের নিচে কাটা পড়েন শামীম।