ট্রেনে কাটা পড়ে আইনজীবীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানে মুঠোফোন। পার হচ্ছিলেন রেললাইন। কিন্তু তিনি রেললাইন পার হওয়ার আগেই এসে পড়ল ট্রেন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে রাজধানীর মালিবাগে।

নিহত ব্যক্তি সালাহ উদ্দিন ফটিক (৫২) একজন আইনজীবী। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেছেন, সকাল সাড়ে নয়টার দিকে কমলাপুর থেকে একটি ট্রেন আসছিল। এ জন্য রেলগেটে থাকা রেলকর্মী প্রতিবন্ধক বারও নামিয়ে দিয়েছিলেন। এ সময় এক ব্যক্তি প্রতিবন্ধকতা বারের নিচ দিয়ে এগিয়ে রেললাইন পার হতে যাচ্ছিলেন। তিনি যাচ্ছিলেন মৌচাক মার্কেটের দিকে। এ সময় তাঁর কানে ছিল মুঠোফোন। মুঠোফোনে কথা বলতে বলতে তিনি রেললাইনের মাঝামাঝি পৌঁছে যান। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন ও ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ঢাকা থেকে জয়দেবপুরগামী ডেমু ট্রেনের নিচে সালাহ উদ্দিন কাটা পড়েন। তাঁর পকেটে থাকা পরিচয়পত্র দেখে তাঁকে শনাক্ত করা হয়। পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন এবং লাশ নিয়ে যান।

গত শনিবার মহাখালীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান আলমগীর হোসেন (৩০)। তিনিও মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন।

সালাহ উদ্দিনের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি চাঁদপুর জেলা আদালতে আইনজীবী ছিলেন। তিনি আদালতের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। সাপ্তাহিক বন্ধের সময় তিনি ঢাকার মধ্য বাড্ডায় আসতেন। মধ্য বাড্ডায় তাঁর শ্বশুরবাড়িতে দুই ছেলে ও স্ত্রী থাকেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম আকবর প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধিকে বলেন, ছয় মাস আগে সালাহ উদ্দিনের স্ট্রোক হয়। গত সোমবারও সালাহ উদ্দিন আদালতে মামলা লড়েছেন। আদালতের কাজ শেষে সোমবার রাতে তিনি ঢাকায় ফেরেন।

সালাহ উদ্দিনের স্ত্রীর ভগ্নিপতি মো. স্বপন বলেন, গতকাল সকালে মালিবাগে এক আইনজীবীর সঙ্গে দেখা করার কথা বলে মধ্য বাড্ডার বাসা থেকে বের হয়েছিলেন সালাহ উদ্দিন। কিন্তু সেখানে পৌঁছার আগেই তিনি ট্রেনে কাটা পড়েন। গতকাল রাতেই তাঁকে কচুয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

স্বপন বলেন, ঘটনার পর সালাহ উদ্দিনের স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের দুই ছেলের একজন প্রথম শ্রেণিতে ও অন্যজন দশম শ্রেণিতে পড়ে।

আজ বুধবার সকাল ১০টায় তাঁর স্মরণে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে শোকসভা হবে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি।