ট্রেনে কাটা পড়ে এক নারী ও শিশুর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। পরিচয় জানা না গেলেও তারা মা-মেয়ে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে নাটোর রেলস্টেশনের অদূরে হুগোলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর রেলস্টেশনের মাস্টার মনিরুজ্জামান জানান, বেলা পৌনে দুইটার দিকে হুগোলবাড়িয়া এলাকায় এক নারী ও কন্যাশিশু রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় তারা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রেলওয়ে জিআরপি পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে রেললাইনের পাশে নিয়ে যায়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্টেশনের মাস্টার বলেন, নিহত ব্যক্তিদের স্থানীয় কেউ চিনতে পারছেন না। ধারণা করা হচ্ছে, তারা মা-মেয়ে হতে পারে।
১৩ মে পঞ্চগড় সদর উপজেলার বকুলতলা এলাকায় এক নারী তাঁর কোলের শিশুটিকে রেললাইনে শুইয়ে দিয়ে নিজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। উত্তরা নামের এই লোকাল ট্রেনটি পার্বতীপুর থেকে পঞ্চগড়ে আসছিল।