ট্রেনে কাটা পড়ে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-লাকসাম রেললাইনে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় গতকাল সোমবার অজ্ঞাতনামা এক নারী (৪০) ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। একই দিনে টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ মির্জাপুর উপজেলার বহনতলী সেতুর পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠান স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলেন, মেঘনা এক্সপ্রেস গতকাল ভোরে চাঁদপুর থেকে চট্টগ্রাম যায়। এ সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। ওসি বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোমিন বলেন, গতকাল সকালে বঙ্গবন্ধু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বহনতলী সেতুর পাশ থেকে মোস্তফা কামাল (৩৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। তিনি ট্রেন থেকে পড়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মোস্তফার বাড়ি লালমনিরহাট জেলার কাকতানি গ্রামে।