নোয়াখালীর সেনবাগ উপজেলার পশ্চিম ছাতারপাইয়া ও সাদেকপুর গ্রাম থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। একই দিনে সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া এলাকায় চৌমুহনী-লাকসাম রেললাইনে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন আবদুল মকিত (৫০) নামের এক ব্যক্তি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সেনবাগ উপজেলার পশ্চিম ছাতারপাইয়া গ্রামের মৃত তবারক উল্লার ছেলে আমির উল্লা (২২) বাড়ি থেকে রাতের খাওয়া খেয়ে বাড়ির সামনে দর্জি দোকানে ঘুমাতে যান। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে আশপাশের লোকজন দোকানের ভেতর তাঁর ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনাস্থল পরিদর্শনকারী থানার পরিদর্শক এ কে এম মহসিন খান জানান, নিহত আমির উল্লার লাশ যেভাবে পাওয়া গেছে, তাতে ঘটনাটি রহস্যজনক বলে মনে হয়েছে। তা ছাড়া নিহত ব্যক্তির গলায় যে গামছা পেঁচানো ছিল, সেটিও তাঁর নয় বলে পরিবারের লোকজন জানিয়েছেন।একই উপজেলার কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৫০) বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। তিনি ওই গ্রামের মৃত শেখ আহমঞ্চদের ছেলে। গতকাল বেলা ১১টার দিকে গ্রামের লোকজন স্থানীয় হজনী খালে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে উপপরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে জানান, লাশের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।অন্যদিকে, বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নের বারইপুর গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে আবদুল মকিত (৫০) একই উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের বোনের বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে বের হন। এরপর সারা দিন বাড়ির কারও সঙ্গে যোগাযোগ করেননি তিনি। গতকাল সকাল আটটার দিকে উপজেলার বগাদিয়া রেল সেতুসংলগ্ন রেললাইনের পাশে আবদুল মকিতের ট্রেনে কাটা পড়া লাশ দেখে স্থানীয় লোকজন বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।নিহত ব্যক্তির চাচাতো ভাই মাঈন উদ্দিন জানান, তাঁর ভাই আবদুল মকিত সোনাইমুড়ীতে একটি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান করে কয়েক লাখ টাকা লোকসান দেন। এতে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন।