ট্রেনে কাটা পড়ে কলেজশিক্ষকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার রেলগেটে গত শুক্রবার ট্রেনে কাটা পড়ে মুসা কলিমুল্লা (৩৭) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।
কলিমুল্লার বাড়ি কালীগঞ্জ উপজেলার মাস্টারপাড়া গ্রামে। তিনি লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও লালমনিরহাট রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম বেজগ্রামে গত শুক্রবার বিকেলে মুসা কলিমুল্লা পারিবারিক কাজকর্ম শেষে মোটরসাইকেলে করে কালীগঞ্জের বাড়িতে ফিরছিলেন। কিন্তু পশ্চিম বেজগ্রামের রেলগেট অতিক্রম করার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ট্রেনের ধাক্কায় মুসা কলিমুল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।