ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর ও নরসিংদীর সদর উপজেলার পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ও গতকাল শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। ভৈরব রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের (৩০) এক ব্যক্তির ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরনে ছিল চেক লুঙ্গি ও হাফহাতা সাদা শার্ট। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতে কোনো একসময় চলন্ত ট্রেন থেকে নামতে কিংবা উঠতে গিয়ে ওই ব্যক্তি কাটা পড়েন। তাঁর পরিচয় জানা যায়নি। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তির (৪০) মৃত্যু হয়। এ ছাড়া কুলিয়ারচর উপজেলার বরখারচরের লেভেল ক্রসিংয়ে বেলা ১১টার দিকে কিশোরগঞ্জগামী একটি আন্তনগর এক্সপ্রেসে কাটা পড়ে মিনু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর বাড়ি কুলিয়ারচর সদরে। নরসিংদী সদর উপজেলার জিনারদী থেকে বেলা পৌনে ১১টার দিকে অজ্ঞাত পরিচয় (২২) এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। রেলওয়ের নরসিংদী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী আকবর প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। ওই নারীর পরনে ছিল সালোয়ার কামিজ। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়েই চারজনের মৃত্যু হয়েছে।