ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যু
রাজধানীর মহাখালীতে আজ মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পড়ে এক চিকিৎসক মারা গেছেন। তাঁর নাম ইফতেখার কাশেম (৫৩)।
পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান চিকিৎসক ইফতেখার। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা জানান, ইফতেখার কাশেম গুলশান-১-এর পার্টনার ইনহেলথ নামে একটি প্রতিষ্ঠানের চিকিৎসক। তাঁর বাসা মোহাম্মদপুরের মোহাম্মাদীয়া হাউজিং এলাকায়। বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় আজ সকাল সাড়ে নয়টার দিকে মহাখালী আমতলী এলাকায় রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে। এএসআই রাশেদ বলেন, যত দূর জানা গেছে, প্রতিদিনই অফিস থেকে মহাখালী হয়ে কর্মস্থলে যেতেন। কিন্তু কেন তিন রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ জন্য কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের কাছ থেকে জানা গেছে যে ইফতেখার রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
খবর পেয়ে ইফতেখার কাশেমের মরদেহ ময়নাতদন্ত না করেই মর্গ থেকে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিকেল চারটার দিকে মরদেহ মর্গ থেকে নিয়ে যাওয়া হয়।