ট্রেনে কাটা পড়ে তরুণী, হোটেল থেকে পড়ে চিকিৎসকের মৃত্যু
রাজধানীর উত্তরায় গতকাল সোমবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে এক তরুণী নিহত হয়েছেন। প্রায় একই সময়ে তোপখানা সড়কে একটি আবাসিক হোটেলের ওপর তলা থেকে পড়ে এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে।রেল পুলিশের উপ-পরিদর্শক মেজবাউল আলম জানান, ট্রেনে কাটা পড়া তরুণীর নাম আঞ্জু আক্তার (২০)। তাঁর বাড়ি ফরিদপুরে। উত্তরার ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের মাথায় রাস্তা পার হতে গিয়ে আঞ্জু ট্রেনের নিচে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর তোপখানা সড়কে মেট্রোপলিটন হোটেলের কোনো একটি তলা থেকে পড়ে রাশেদুল ইসলাম ওরফে উজ্জ্বল (৩২) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। হোটেলের রিসেপশনিস্ট মনজুর আলম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ১০ তলা হোটেলের ওপরের কোনো একটি তলা থেকে নিচে পড়েন রাশেদুল। তিনি হোটেলের বোর্ডার ছিলেন না। তিনি কখন, কীভাবে হোটেলের জিজ্ঞাসা ডেস্ক এড়িয়ে ভেতরে ঢুকলেন, তা বলতে পারছে না কেউ।নিহত চিকিৎসকের চাচা আইয়ুব হোসেন জানান, রাশেদুল খুলনায় থাকতেন। গতকাল ভোরে তিনি ঢাকায় আসেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান আইয়ুব হোসেন। প্রাথমিকভাবে তাঁরা বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করছেন।