ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ও ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ও গত মঙ্গলবার রাতে পুলিশ এঁদের লাশ উদ্ধার করে।নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবুল হোসেন (৫০)। তিনি তেল কোম্পানিতে চাকরি করতেন। অন্যদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রেল-পুলিশ (জিআরপি) ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফরমের পশ্চিম পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। নিহতের পরনে ছিল সবুজ ফুল হাতা শার্ট ও চেক লুঙ্গি।পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত নয়টার দিকে খিলক্ষেত এলাকায় রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মারা যান আবুল হোসেন। তিনি হাঁটতে হাঁটতে স্ত্রী দিলওয়ারার সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব কুড়াইয়া গ্রামে। তিনি খিলক্ষেতের নামাপাড়া এলাকার একটি মেসে থাকতেন।মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে খিলক্ষেত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের অজ্ঞাত পরিচয় (৪৮) এক ব্যক্তি মারা যান। নিহতের পরনে সাদা হাফ হাতা শার্ট ও প্যান্ট আছে।