ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত ও কাওলায় ট্রেনে কাটা পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজন নিহত হয়েছেন৷
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, বেসরকারি উত্তরা ইউনিভার্সিটির বিবিএর ছাত্র ফরহাদ হোসেনের (২১) লাশ খিলক্ষেত মসজিদসংলগ্ন রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয় শনিবার রাতে৷ কানে হেডফোন লাগানো অবস্থায় তাঁর লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে।
এদিকে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, গতকাল সকাল আটটার দিকে কাওলা রেললাইনের ওপর থেকে ট্রেনে কাটা পড়া এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।